রাঙামাটি ও বান্দরবানে সংরক্ষিত বনের ৪৪টি বিদ্যালয়ের ভূমি ডি-রিজার্ভ হচ্ছে
প্রধানমন্ত্রী রাঙামাটি ও বান্দরবান জেলায় সংরক্ষিত বনে অবস্থিত ৪৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩০ শতক করে ভূমি বন্দোবস্তের জন্য ১৩ দশমিক ২০ শতাংশ ভূমি ডি-রিজার্ভ ঘোষণার অনুমোদন দিয়েছেন।
পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনের শত বছরের ইতিহাসে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ ব্যবস্থায় ডি-রিজার্ভ (সংরক্ষিত বনের আওতামুক্ত) ঘোষণার এটাই প্রথম সিদ্ধান্ত বলে বন বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার রক্ষা আন্দোলন সূত্রে জানা গেছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বন অধিশাখা-১-এর উপসচিব সৈয়দ মেহেদী হাসানের স্বাক্ষরে পাঠানো এক পত্রে প্রধানমন্ত্রীর ডি-রিজার্ভ ঘোষণার অনুমোদনের কথা জানিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ডি-রিজার্ভ ঘোষণার প্রজ্ঞাপন জারির পর সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর সরকারি রেজিস্ট্রেশন পেতে আর কোনো বাধা থাকবে না বলে সূত্র জানায়।
বন বিভাগের রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মো. রিজাউল শিকদার সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর ভূমি ডি-রিজার্ভ ঘোষণার প্রধানমন্ত্রীর অনুমোদনের পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে সংরক্ষিত বনে বসবাসকারী শিশুরা শিক্ষাক্ষেত্রে সরকারি সুযোগের আওতায় আসবে। তবে বনবাসী মানুষের জীবিকার জন্যও সংরক্ষিত বনের কিছু এলাকা ডি-রিজার্ভ করা প্রয়োজন বলে আমরা মনে করি।’