রাঙামাটি ও বান্দরবানে হরতাল হয়নি
গতকাল বুধবার রাঙামাটি ও বান্দরবানে পাঁচ বাঙালি সংগঠনের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়নি। হরতালের সমর্থনে পাঁচটি সংগঠনের কোনো নেতা-কর্মীকে মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি।
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিল, বান্দরবানের বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবি এবং আলুটিলার বিশেষ পর্যটন প্রকল্প বাতিলের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।
পাঁচ বাঙালি সংগঠনের মধ্যম সারির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেলে রাঙামাটি জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ছিল। এ কারণে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বাঙালি সংগঠনগুলোর কাছে হরতাল প্রত্যাহারের অনুরোধ করা হয়। এর মধ্যে দুটি বাঙালি সংগঠন আওয়ামী লীগের অনুরোধ রাখার পক্ষে ছিল। তবে অপর তিনটি সংগঠন হরতাল পালনের পক্ষে মত দেয়।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতা হরতাল প্রত্যাহারে পাঁচ বাঙালি সংগঠনকে অনুরোধ করার কথা স্বীকার করেন।
হরতাল ডাকা পাঁচটি সংগঠন হচ্ছে পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য সম-অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্রঐক্য পরিষদ।
পার্বত্য গণপরিষদের চেয়ারম্যান পারভেজ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমরা হরতালের পক্ষে ছিলাম। হরতাল প্রত্যাহার করা হয়নি। তবে পুলিশ ও প্রশাসনের চাপে নেতা-কর্মীরা পিকেটিং করতে পারেননি।’ তিনি বলেন, পার্বত্য ভূমি কমিশন সংশোধনী আইন বাতিলের দাবিতে প্রয়োজনে আরও হরতাল দেওয়া হবে।
এ বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান বলেন, রাজনৈতিক কর্মসূচি কে পালন করবে আর কে করবে না এ নিয়ে পুলিশ কখনো কাউকে চাপ দেয় না। পুলিশের কাজ হলো কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে বা জনজীবনে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে সেটা দেখা।
এদিকে বান্দরবানেও হরতাল হয়নি। বান্দরবান পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নূরুল আলম বলেন, জেলায় হরতাল আহ্বানের ব্যাপারে কোনো সংগঠন থেকে তাঁদের জানানো হয়নি। যানবাহন চলাচলে কেউ বাধাও দেয়নি।
বান্দরবান-রাঙামাটি সড়কের বাসচালক নূর হোসেন বলেন, কোনো সংগঠন হরতাল বা অবরোধের ডাক দিলে আগে থেকে তাঁদের জানিয়ে দেওয়া হয়। হরতালের বিষয়টি কেউ না জানানোয় তাঁরা বাস চালিয়েছেন।
হরতাল আহ্বানকারী সম-অধিকার আন্দোলনের কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান বলেন, নেতা-কর্মীদের রাস্তায় নামতে না দেওয়ায় বান্দরবানে হরতাল পালন করতে পারেননি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, বান্দরবানের কোথাও হরতাল হয়নি। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ছিল।