রাঙামাটি-কক্সবাজার থেকে পাঁচজন অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদু থেকে এক গ্রামপ্রধানসহ দুই ভাইকে অপহরণ করার খবর পাওয়া গেছে। অন্যদিকে কক্সবাজারের রামু উপজেলা থেকে ব্যাংক কর্মকর্তাসহ তিনজনকে অপহরণ করা হয়েছে।


লংগদু থেকে অপহূত ব্যক্তিরা হলেন বড় উল্টাছড়ির গ্রামপ্রধান প্রিয়ময় চাকমা (৩৫) এবং তাঁর বড় ভাই সুসময় চাকমা (৪২)। তাঁরা সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সমর্থক বলে দাবি করেছে সংগঠনটি।

আর রামুতে অপহূত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন জিতেন্দ্র নাথ ও সেলিম। জিতেন্দ্র রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়ন শাখা কৃষি ব্যাংকের ক্যাশিয়ার। সেলিম বাইশারির বাসিন্দা।


গ্রামপ্রধানসহ দুই ভাইকে অপহরণ
লংগদুর স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টা থেকে ১১টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত আটরকছড়া ইউনিয়নের বড় উল্টাছড়ি গ্রামে আসে। এ সময় তারা গ্রামপ্রধান প্রিয়ময় চাকমা ও তাঁর বড় ভাই সুসময় চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। দুর্বৃত্তরা অপহূত ব্যক্তিদের পরিবারের লোকজনকে বাঘাইছড়িতে যোগাযোগ করতে বলে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম চৌধুরী বলেন, ‘অপহরণের ঘটনাটি শুনেছি। আমরা খবর নিচ্ছি। তবে কেউ মামলা বা অভিযোগ করেনি।’

জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘অপহূতরা আমাদের সমর্থক। এর মধ্যে গ্রামপ্রধান প্রিয়ময় চাকমা গত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের (জনসংহতি সমিতি) সমর্থিত প্রার্থীর স্থানীয় এজেন্ট ছিলেন। তখন থেকে তাঁরা হুমকির মুখে ছিলেন। আমরা যতটুকু জেনেছি সংস্কারপন্থী জনসংহতি সমিতির (এমএন লারমা) সশস্ত্র সদস্যরা তাঁদের অপহরণ করেছে।’

তবে জনসংহতি সমিতির (এমএন লারমা) তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের কোনো সশস্ত্র সদস্য নেই। এ পর্যন্ত যতগুলো ঘটনায় আমাদের দোষারোপ করা হয়েছে তার সবগুলো ঘটনা ঘটেছে তাদের মধ্যে।’


ব্যাংক কর্মকর্তাসহ তিনজন অপহূত
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো, বাইশারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল হক ও স্থানীয় লোকজন জানিয়েছেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে ছয়-সাতজনের একটি সশস্ত্র দল ঈদগাঁও-বাইশারি পথে চলাচলকারী যাত্রীবাহী মিনিবাসটি আটকে সেখানে থাকা তিনজন যাত্রীকে তুলে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সড়কে ওত পেতে থাকা সন্ত্রাসীরা প্রথমে বাইশারি বাজার থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা আটক করে। পরে ওই অটোরিকশা সড়কে আড়াআড়ি রেখে মিনিবাসটির গতিরোধ করে। তারা বাসের তিনজন যাত্রীর সঙ্গে দুই চালককেও নিয়ে যায়। তবে কিছুদূর যাওয়ার পর চালকদের ছেড়ে দেয়।

কৃষি ব্যাংকের বান্দরবানের আঞ্চলিক শাখার ব্যবস্থাপক নিতাই রায় জিতেন্দ্র নাথের অপহূত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তারা অপহরণকারীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারেননি।

রামু থানার ওসি সাইকুল ইসলাম জানান, রাতে তিনি তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাইশারি ও ঈদগড় ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করার চেষ্টা করেছেন। কিন্তু গভীর জঙ্গল হওয়ায় অপহরণকারীদের ধরা সম্ভব হয়নি। অপহূত তিনজনকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে পুলিশ ও বিজিবির পক্ষ থেকে যৌথভাবে অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।