রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক ঝুঁকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি এলাকায় রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক ঘেঁষে অবৈধভাবে ইটভাটার জন্য মাটি কেটে নেওয়া হয়েছে। এতে ওই সড়কটি ঝুঁকির মুখে পড়েছে। সরেজমিন গিয়ে দেখা গেছে, সাপছড়ি এলাকার ওই সড়কের পশ্চিম পাশে নির্মাণ করা হয়েছে বিএমবি নামের একটি ইটভাটা। ওই ইটভাটার জন্য সড়ক থেকে মাত্র চার-পাঁচ ফুট দূরে প্রায় ২০ ফুট গভীর করে মাটি কাটা হয়েছে। এতে সড়কটি যেকোনো মুহূর্তে ভাঙনের কবলে পড়তে পারে বলে স্থানীয় লোকজন আশঙ্কা করছেন। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাঙামাটির উপসহকারী প্রকৌশলী কালো বরণ চাকমা বলেন, সড়কের উভয় পাশের কমপক্ষে ৫০ ফুট এলাকায় কোনো স্থাপনা নির্মাণ বা মাটি কাটা বেআইনি। আইন লঙ্ঘন করে ওই ইটভাটার জন্য মাটি কাটা হয়েছে। এতে সড়কটি যেকোনো সময় ভাঙনের কবলে পড়তে পারে। সাপছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিমুল বিকাশ চাকমা বলেন, ওই ইটভাটার বিরুদ্ধে কয়েক বছর আগে স্থানীয় লোকজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিএমবি ইটভাটার মালিক সাইদুল হক বলেন, ‘মাটি কেটেছি ঠিক, সমপরিমাণ মাটি আবার ভরাট করে দেব।’ যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ বিভাগের রাঙামাটির নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন, সড়কের পাশে এভাবে মাটি কাটা অপরাধ। মূল মাটি আর ভরাট করা মাটির মধ্যে পার্থক্য রয়েছে। বিষয়টি তিনি দেখবেন বলে জানান।