রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে খানাখন্দ, ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের রাঙামাটি অংশে ব্যাপক খানাখন্দ, সড়কের পাশের মাটি ধস ও বিভিন্ন বাঁকে ঝোপঝাড় থাকায় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে। সম্প্রতি বদলি হয়ে যাওয়া সড়ক ও জনপথ বিভাগের রাঙামাটি নির্বাহী প্রকৌশলীর সড়ক সংস্কারে অনিয়ম ও দুর্নীতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাসচালকদের অভিযোগ, সংস্কারের নামে সড়কে যা করা হয়েছে, তাতে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। বাসের এক যাত্রী বলেন, ‘বাসে উঠলে গাড়িতে উঠেছি, না গরুর পিঠে উঠেছি তা বুঝতে পারি না।’রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা অভিযোগ করেন, সম্প্রতি পিরোজপুর জেলায় বদলি হয়ে যাওয়া নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল সড়কের ৭৫ ভাগ সংস্কারকাজ সম্পন্ন হওয়ার প্রতিবেদন দেখিয়ে অস্থানীয় একটি ঠিকাদারিপ্রতিষ্ঠান মেসার্স রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের নামে ২৫ লাখ টাকা উত্তোলন করেছেন। এ ব্যাপারে মুঠোফোনে আবু হেনা মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলে সড়ক সংস্কারে অনিয়ম ও ২৫ লাখ টাকা উত্তোলনের কথা তিনি অস্বীকার করেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকানা ও মুঠোফোন নম্বর জানতে চাইলে তিনি কাজের অজুহাতে তা দিতে অস্বীকার করেন। গত বুধবার খাগড়াছড়ি সীমানা পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশ খানাখন্দে ভরা। তবে কিছু কিছু স্থানে কঙ্কর ও বালু মিশিয়ে গর্ত ভরাট করার চেষ্টা করা হয়েছে। এ ছাড়া সড়কের দুই পাশ ঝোপঝাড়ে ভরে গেছে। ঘিলাছড়ি ইউনিয়নের যাত্রামণিপাড়া এলাকায় প্রায় ৩০ থেকে ৩৫ ফুট পাহাড় ধসে সড়কের অর্ধেক অংশ ভেঙে গেছে। অবশিষ্ট অংশ কোনোমতে আটকে রাখা হয়েছে। এ ছাড়া আরও কমপক্ষে পাঁচ থেকে আটটি স্থানে পাহাড় ধসে সড়ক ভেঙে বিপজ্জনক হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাপছড়ি ইউনিয়নের ফুরামোন সড়ক থেকে বোধিপুর এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটারে কার্পেটিং সম্পূর্ণ উঠে গেছে। নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের নানিয়ারচর সড়কমুখ থেকে বগাছড়ি পুলিশ ক্যাম্প পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সড়কের পাশের ছাউনিতে কর্মরত বগাছড়ি পুলিশ ক্যাম্পের কয়েকজন পুলিশ সদস্য জানান, গত আগস্ট মাসের শেষ দিকে তাঁদের ক্যাম্পের সামনে কঙ্কর ও বালু দিয়ে গর্ত ভরাট করা হয়েছে। তারপর গাড়ি চলাচলে সেগুলো সরে গিয়ে আবার আগের অবস্থা হয়ে গেছে। তাঁদের সামনে এ পর্যন্ত কয়েকটি বাস বিকল হয়ে পড়েছে বলে তাঁরা জানান।