রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী নিহত
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী গঞ্জক মারমা (৪৬) গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শহরের বাস স্টেশনসংলগ্ন ফিশারি ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। গঞ্জক মারমার বাড়ি সদর উপজেলার গর্জনতলীতে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, গঞ্জক মোটরসাইকেলে চড়ে কর্মস্থলে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গঞ্জক মারমা মারা যান। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।গঞ্জক মারমার মৃত্যুতে জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান গৌতম দেওয়ান, রবীন্দ্র লাল চাকমা, চিংকিউ রোয়াজা, মানিক লাল দেওয়ান, জগর্যাজ্যোতি চাকমা, জেলা আওয়ামী লীগ ও জেলা বিএনপির সভাপতি শোক প্রকাশ করেছেন। আজ শুক্রবার তাঁর মরদেহ ধর্মীয় মর্যাদায় দাহ করা হবে।