নিখোঁজ পাঁচ বাঙালি জেলেকে উদ্ধারের দাবিতে স্মারকলিপি দিতে এসে জেলা প্রশাসন কার্যালয় ভাঙচুর করেছে একদল বাঙালি। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ১৬ জনকে আটক করেছে। তাদের মধ্যে রফিকুল ইসলাম, মো. সোলায়মান, সাদ্দাম হোসেন, মো. খোকন, মো. হজরত, মনসুর আলী, শাহেদ আলী, মো. তারেক ও মো. মালেকের নাম পাওয়া গেছে।ঘটনার ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে দ্রুত বিচার আইনে পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় স্মারকলিপিতে স্বাক্ষরকারীসহ অজ্ঞাত অনেক ব্যক্তিকে আসামি করা হয়েছে। জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, স্মারকলিপি দেওয়ার অজুহাতে এ ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে। এটা পূর্বপরিকল্পিত মনে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশ সুপার মো. মাসুদ-উল হাসান ১৬ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে জানান, স্মারকলিপি দিতে এসে কেন এ রকম ঘটনা ঘটাল, সেটা জানার জন্য মামলা করা হয়েছে। গত ৪ ডিসেম্বর বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী তাগলকবাগ এলাকার কর্ণফুলী নদী থেকে গভীর রাতে পাঁচজন বাঙালি জেলে নিখোঁজ হন। নিখোঁজ জেলেদের পরিবার ও বাঙালিদের অভিযোগ, আদিবাসী সন্ত্রাসীরা ওই পাঁচজনকে অপহরণ করেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, স্মারকলিপি দিতে আসা বাঙালিরা জেলা প্রশাসন কার্যালয়ের জেলা তথ্য ও প্রযুক্তি শাখার কক্ষ, অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কার্যালয় কক্ষে ঢুকে ভাঙচুর চালায়। এ ছাড়া জেলা প্রশাসন কার্যালয়ের বিভিন্ন কক্ষের এবং বারান্দার প্রায় সব ফুলের টব ভেঙে ফেলে। এ সময় সুদীপ্ত চাকমা নামের জেলা প্রশাসনের এক কর্মচারীকে মারধর করে এবং অন্য আদিবাসী কর্মচারীদেরও মারধরের চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। একই সময় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের এক শিক্ষিকাকে বহনকারী অটোরিকশাসহ কয়েকটি যানবাহনে থাকা আদিবাসীদের ওপর হামলার চেষ্টা চালানো হয়। কিন্তু পুলিশ তাদের হামলা থেকে রক্ষা করে। জানা গেছে, গতকাল দুপুরের দিকে বরকল উপজেলা থেকে কয়েকটি নৌযানে দুই হাজারের বেশি বাঙালি রাঙামাটি আসে। পরে আরও কয়েক শ বাঙালি তাদের সঙ্গে যোগ দেয়। তারা বেলা সাড়ে ১১টার দিকে ‘বরকল উপজেলার বাঙালি জনসাধারণ’ লেখা ব্যানার নিয়ে পৌরসভা কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিল থেকে জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার বিরুদ্ধে উত্তেজনাকর স্লোগান দিতে শোনা যায়। দুপুর ১২টার দিকে মিছিলটি জেলা প্রশাসনের উত্তর গেট ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ের মাঝখানের রাস্তায় এসে পড়লে পুলিশ ফিরিয়ে দেয়। এরপর মিছিলটি ফিরে গিয়ে জেলা প্রশাসনের দক্ষিণ গেটে পৌঁছার পরপরই মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হয়। এ অবস্থায় অনেকে প্রশাসন কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। এ ঘটনায় আহত ১০ জন পুলিশ সদস্য রাঙামাটি জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে চিকিৎসা কর্মকর্তা (এমও) উৎপল চাকমা নিশ্চিত করেছেন। পরে জেলা প্রশাসন চত্বরে আয়োজিত সমাবেশ থেকে অভিযোগ করা হয়, বরকল থেকে আসা লোকজনের কেউ ভাঙচুরে অংশ নেয়নি। যারা বাঙালিদের নিয়ে ব্যবসা করে এবং রাতের আঁধারে সন্তু লারমার কাছে গিয়ে আঁতাত করে, তারাই এ ভাঙচুরের সঙ্গে জড়িত। সেখানে বক্তব্য দেন মো. আবছার আলী, আইনুল ইসলাম, আবু জাফর, নিখোঁজ জাহিদের বাবা আবদুর রাজ্জাক প্রমুখ।এরপর প্রধানমন্ত্রী বরাবর বরকল ভূষণছড়ার জনসাধারণসহ পার্বত্য বাঙালি জনসাধারণের পক্ষে মো. আবছার আলীর গতকাল স্বাক্ষর করা একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. খলিলুর রহমানের হাতে তুলে দেওয়া হয়।