রাঙামাটি জেলার বাইরে চাল নেওয়া যাবে না
চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে রাঙামাটি জেলা থেকে সব ধরনের চালের বহির্গমন বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দেওয়া হয়েছে। জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।জানা গেছে, হঠাত্ করে মোটা চালের দাম বেড়ে যাওয়ায় জেলা খাদ্য পর্যবেক্ষণ বিভাগ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স গত বুধবার সভা করে। সভায় জেলা খাদ্যগুদাম থেকে ছাড় করা চালের বহির্গমন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী জানান, গরিব মানুষের কথা চিন্তা করে খাদ্যগুদামের ছাড় করা চালের বহির্গমন বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাঙামাটি খাদ্য ঘাটতি জেলা হওয়ায় স্থানীয়ভাবে উত্পাদিত চাল জেলার বাইরে যায় না। কিন্তু সরকারের বিভিন্ন কর্মসূচির জন্য আসা চাল অনেক ব্যবসায়ী জেলার বাইরে নিয়ে যায়। সেটা রোধ করতে এবং মোটা চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে রাঙামাটি-চট্টগ্রাম, কাপ্তাই-চট্টগ্রাম, বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়কসহ রাঙামাটির সঙ্গে অন্য জেলার সংযোগ সড়কের সব ফাঁড়িতে চালের বহির্গমন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শহরের একাধিক দোকানির সঙ্গে আলাপ করে জানা গেছে, এ মাসের প্রথম দিকে হঠাত্ করে মোটা চালের দাম ২৪ টাকা থেকে বেড়ে ৩২ টাকা হয়ে যায়। বর্তমানে কিছুটা কমে ২৯-৩০ টাকায় নেমে এসেছে।রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের উপরিচালক কাজল তালুকদার জানান, জেলায় প্রতিবছর ৪৩ থেকে ৪৫ মেট্রিক টন চালের ঘাটতি থাকে। জেলা খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার দাস জানান, সরকারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাঙামাটি জেলায় প্রতিবছর গড়ে ২৮ থেকে ৩০ মেট্রিক টন চাল আসে। কিন্তু স্থানীয় লোকজন সিদ্ধ চাল খেতে অভ্যস্ত না হওয়ায় সেগুলো জেলার বাইরে চলে যায়।