রাঙামাটির বিলাইছড়ির দুর্গম বড়থলি এলাকা থেকে অপহৃত দুই পর্যটক ও দুই পথপ্রদর্শকের (গাইড) এখনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে গতকাল বৃহস্পতিবার বড়থলি এলাকা থেকে একটি গলিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, লাশটি সন্ত্রাসী দলের সদস্যের হতে পারে।
গত ৩ অক্টোবর বড়থলি থেকে দুই পর্যটক আবদুল্লাহ আল জুবায়ের ও জাকির হোসেন এবং তাঁদের পথপ্রদর্শক মাংসাই ম্রো ও লালরিং সাং বমকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, অপহৃত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তাঁদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান আরও জোরদার করা হয়েছে।
এদিকে পুলিশ জানায়, গতকাল সকালে বড়থলির সেপ্রুপাড়ার উত্তর-পূর্বে সেপ্রুঝিরির উৎপত্তিস্থলে জঙ্গলের ভেতরে একটি লাশ পাওয়া যায়।
রাঙামাটির এসপি সাঈদ তারিকুল হাসান বলেন, যৌথ বাহিনী যে জায়গায় সন্ত্রাসীদের গোপন আস্তানা ধ্বংস করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে, সেই স্থানের কাছাকাছি লাশটি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, যৌথ বাহিনীর অভিযানের সময় সন্ত্রাসী দলের গুলিবিদ্ধ কোনো সদস্য পালিয়ে যায়। পরে জঙ্গলের ভেতরে তার মৃত্যু হয়।
বিলাইছড়ি থানার ওসি মঞ্জুরুল ইসলাম জানান, লাশটি কার, তা জানার চেষ্টা চলছে।