
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির (এএ) নেতা রেনিন সো ওরফে রেনেজু রাখাইনকে আটক করেছে যৌথ বাহিনী। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটায় রাঙামাটির রাজস্থলী থানার ইসলামপুরের আদর্শগ্রাম থেকে তাঁকে আটক করা হয়। রেনিন সোকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
দেড় মাসেরও বেশি সময় পলাতক থাকার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে আটক হলেন রেনিন সো। তাঁকে সারা দিন রাজস্থলী থানায় রাখার পর হেলমেট পরিয়ে পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় বিকেল সাড়ে পাঁচটায় রাঙামাটি আদালতে নেওয়া হয়। অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সাবরিনা আলীর আদালতে তাঁর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে পুলিশের আদালত পরিদর্শক মো. মমিনুল ইসলাম সাংবাদিকদের জানান।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুল্লাহ সরকার বলেন, রেনিন সোকে আটকের সময় পুলিশ তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন, একটি ল্যাপটপ, নেদারল্যান্ডসের বিভিন্ন ব্যাংকের ছয়টি ক্রেডিট কার্ড, সে দেশের পাসপোর্ট এবং ৮২টি ভারতীয় ৫০০ রুপির নোট উদ্ধার করে। তাঁর ব্যবহৃত কয়েকটি পোশাকও উদ্ধার করা হয়। রেনিন সো রাজস্থলী থানায় দায়ের করা সন্ত্রাস দমন আইন ও অবৈধ অনুপ্রবেশ-সংক্রান্ত আইনে দুটি মামলার আসামি। ওসি বলেন, রেনিন সোকে দেড় মাসেরও বেশি সময় ধরে আটকের চেষ্টা চলছিল।
এর আগে যৌথ বাহিনী গত ২৬ আগস্ট রেনিন সোর রাজস্থলীর বাড়ি থেকে আরাকান আর্মির সদস্য অং ওং রাখাইন এবং ২৮ আগস্ট তাঁদের সহযোগী সন্দেহে বাড়ির দুই তত্ত্বাবধায়ক চ সুই অং মারমা (৪২) এবং মং চ ওয়াং মারমাকে (৩৯) গ্রেপ্তার করে। রেনিন সো এবং ওই চারজনসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও অনুপ্রবেশ আইনে রাজস্থলী থানায় দুটি মামলা করা হয়। পুলিশ জানায়, মামলার পর রেনিন সো, তাঁর স্ত্রী ও বোনের স্বামীর চন্দ্রঘোনার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও কৃষি ব্যাংক রাজস্থলী শাখার ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ করা হয়। স্থানীয় লোকজন বলেছেন, রেনিন সো পেশায় একজন চিকিৎসক এবং তিনি এলাকাবাসীকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন। এলাকায় তিনি নেদারল্যান্ডসের নাগরিক হিসেবে পরিচিত।
গত ২৩ আগস্ট বান্দরবান জেলার মিয়ানমার সীমান্তবর্তী থানচি উপজেলার বড়মদক এলাকায় বিজিবি টহল দল ও সীমান্ত চৌকিতে আরাকান আর্মির সদস্যরা গুলি চালান। তখন থেকে তাঁদের সদস্যদের বিরুদ্ধে অভিযান শুরু হলে একপর্যায়ে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে রেনিন সোর বাড়িতেও অভিযান চালানো হয়।
গাইন্দ্যা ইউনিয়নের চেয়ারম্যান ওরাস মারমা বলেন, রেনিন সো ১৯৯৭ সাল থেকে এখানে থাকেন। তিনি সে বছর একটি তেল অনুসন্ধানকারী দলের সঙ্গে বাংলাদেশে আসেন। আর ফিরে যাননি। এখানে বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন। তাঁর শ্বশুরবাড়িও এখানে। বেশির ভাগ সময় নেদারল্যান্ডসেই থাকেন। মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে বাংলাদেশে এসে এই বাড়িতে থাকেন।