রাঙামাটি পর্যটকশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর এই সময়ে রাঙামাটি শহর পর্যটকে ভরা থাকলেও এ বছর সব হোটেল-মোটেল এবং বনভোজনের স্থান ফাঁকা। হোটেলগুলো খরচ বাঁচাতে কর্মচারীদের বিনা বেতনে ছুটিতে পাঠাচ্ছে বলে জানা গেছে।
এ অবস্থায় বেকার হয়ে পড়েছেন কাপ্তাই হ্রদের পর্যটকনির্ভর ট্রলার চালকেরাও। বিপাকে পড়েছেন আদিবাসী বস্ত্র তৈরি প্রতিষ্ঠানের মালিকেরা।
দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের রাঙামাটি মোটেলের ব্যবস্থাপক মো. আখলাকুর রহমান বলেন, প্রতিবছর এই সময়ে মোটেলের সব কক্ষ এক-দেড় মাস আগে অগ্রিম ভাড়া হয়ে থাকত। এ বছর অগ্রিম ভাড়া তো দূরের কথা, তিন মাস ধরে পর্যটকই নেই। এ অবস্থায় মোটেলের প্রতি মাসে লোকসান হচ্ছে ৩৫ থেকে ৪০ লাখ টাকা।
রাঙামাটির অভিজাত হোটেল সুফিয়া ইন্টারন্যাশনালের মালিক মো. শফিকুল ইসলাম বলেন, ‘এ বছর আমাদের মরণদশা হয়েছে। প্রতি মাসে লোকসান গুনতে হচ্ছে পাঁচ থেকে সাত লাখ টাকা করে। এ অবস্থায় ২০ জন কর্মচারীকে বিনা বেতনে ছুটিতে পাঠাতে হয়েছে।’
হোটেল গ্রিন ক্যাসেলের ব্যবস্থাপক চন্দন দেববর্মণ বলেন, ‘আমাদের তিন মাস ধরে ব্যবসা একদম বন্ধ। প্রতি মাসে প্রায় চার লাখ টাকা করে লোকসান গুনতে হচ্ছে।’
কাপ্তাই হ্রদে ট্রলারে করে পর্যটকদের ঘোরাতেন রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার বাসিন্দা মো. সোলাইমান হোসেন। এটাই তাঁর প্রধান পেশা। গতকাল বুধবার দুপুরে পর্যটন এলাকার ঝুলন্ত সেতুর পাশে ট্রলারে শুয়ে ছিলেন সোলাইমান।
তিনি বলেন, ‘ঋণ নিয়ে এক বছর আগে নতুন ট্রলার কিনেছি। আশা ছিল এ বছর ঋণের অধিকাংশ টাকা শোধ করতে পারব। কিন্তু গত তিন মাস এমন মন্দাভাব চলছে যে ছেলেমেয়েদের পড়াশোনা আর পরিবার চালানোর মতো আয়ও করতে পারছি না। ঋণের টাকা শোধ তো দূরের কথা।’
এদিকে আদিবাসী বস্ত্র তৈরির প্রতিষ্ঠানগুলো পর্যটন মৌসুম সামনে রেখে অনেক পুঁজি বিনিয়োগ করে নানা ডিজাইনের কাপড় তৈরি করে। এ বছরও করেছিল। কারণ, আয়ের প্রধান সময় হলো পর্যটন মৌসুম। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এ বছর ব্যবসা খুবই মন্দা। গত ১৬ বছরে এমন মন্দাভাব আদিবাসী বস্ত্রশিল্পে আসেনি বলে জানান বয়ন টেক্সটাইলের মালিক মো. জহির আহমঞ্চদ।
বেইন টেক্সটাইলের পরিচালক কৌশিক চাকমা বলেন, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যটন মৌসুমটাই আদিবাসী বস্ত্রের প্রধান ব্যবসা। এ সময় দেশি বিদেশি পর্যটকেরা কাপড় কিনে নিয়ে যান। কিন্তু এ বছর পর্যটকের দেখা নেই। তাই আদিবাসী বস্ত্রের ব্যবসা মার খাচ্ছে।
বনানী টেক্সটাইলের স্বত্বাধিকারী বাবলা মিত্র বলেন, ‘অনেক পুঁজি বিনিয়োগ করে নতুন কাপড় তৈরি করেছি। এখন দোকান খোলা যাচ্ছে না। পর্যটকের দেখা নাই। শ্রমিক-কর্মচারীদের বেতন দেওয়ার মতো অবস্থাও নাই।’