রাঙামাটি পৌরসভার বাজেট ঘোষণা
রাঙামাটি পৌরসভা ২৮ কোটি ২৫ লাখ ১৪ হাজার ৭০৩ টাকার ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে।
গতকাল বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ আয়োজনে ‘বাজেট ঘোষণা ও জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরীর পক্ষে কাউন্সিলর নিয়াজ আহমেদ এ বাজেট ঘোষণা করেন।
রাঙামাটি পৌরসভা মিলনায়তনে বেলা তিনটায় আয়োজিত অনুষ্ঠানে সনাকের রাঙামাটি জেলা কমিটির সভাপতি নিরূপা দেওয়ানের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল ও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান, রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান। অনুষ্ঠানে মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী উপস্থিত পৌর নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয় ২০ কোটি এবং আট কোটি ১৩ লাখ ৬৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। আয়ের মধ্যে রাজস্ব আয় আট কোটি ২৫ লাখ ১৪ হাজার ৭০৩ টাকা এবং সরকারি অনুদান, রাজস্ব উদ্বৃত্ত, বিশেষ প্রকল্প খাতে অনুদান ও অন্যান্য খাতে ২০ কোটি টাকা ধরা হয়েছে।