রাঙামাটি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
রাঙামাটি পৌরসভা ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৯২ কোটি ৩ লাখ ৮৪ হাজার ৮২০ টাকার বাজেট ঘোষণা করেছে। এর মধ্যে রাজস্ব ব্যয় ১১ কোটি ৫১ হাজার টাকা ও উন্নয়ন ব্যয় ৬৮ কোটি ৯৫ লাখ এবং মূলধন হিসাবে ব্যয় ধরা হয়েছে ৩৫ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার বিকেলে রাঙামাটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়। উন্মুক্ত বাজেট ঘোষণার এ অনুষ্ঠানে সহযোগিতা করে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি।
অনুষ্ঠানে রাঙামাটি শহরকে পর্যটন শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন মেয়র মো. আকবর হোসেন চৌধুরী। তিনি নাগরিকদের নিয়মিত পৌর কর পরিশোধের আহ্বান জানান।
অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান বলেন, নাগরিকদের পৌরসভার কাজে সহযোগিতা করতে হবে।
পৌরসভার বর্জ্য ব্যবস্থানা ও সংরক্ষণ উপকমিটির আহ্বায়ক কাউন্সিলর কালায়ন চাকমা বলেন, ১০৮ কিলোমিটার আয়তনের পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মী প্রয়োজন ২১৬ জন। আর্থিক সীমাবদ্ধতার কারণে ১১৫ জনকে দিয়ে পরিচ্ছন্নতার কাজ করতে হয়।