রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৮ এপ্রিল
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে (ইঞ্জিনিয়ারিং ও বিবিএ) ‘অ’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ভর্তি পরীক্ষা রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায় মোট দুটি কেন্দ্র—রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও শাহ বহুমুখী উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এ বছর ‘অ’ ইউনিটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ৫০টি আসনের জন্য ভর্তি-ইচ্ছুক আবেদনকারীর সংখ্যা ৮৪১ জন এবং ‘ই’ ইউনিটে ম্যানেজমেন্ট বিভাগে ৫০টি আসনের জন্য ভর্তি-ইচ্ছুক আবেদনকারীর সংখ্যা ৪০৭ জন।
ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.rmstu.edu.bd) জানা যাবে।