রাঙামাটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া জুম্ম স্বার্থবিরোধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি কার্যক্রম শুরু করাকে সরকারের জুম্ম (আদিবাসী) স্বার্থবিরোধী ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে সন্তু লারমা-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ।

ভর্তি-প্রক্রিয়ায় অংশ না নিতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে তারা। গতকাল সোমবার পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জুয়েল চাকমার স্বাক্ষরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রমকে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে নয়, জুম্ম (আদিবাসী) স্বার্থবিরোধী ষড়যন্ত্র কার্যকর করা’ বলে অভিযোগ করা হয়।

পাহাড়ি ছাত্র পরিষদসহ পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের নেতৃত্বাধীন তিনটি আঞ্চলিক রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন পার্বত্য চুক্তি বাস্তবায়নের আগে রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করে আসছে। ১০ জানুয়ারি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করাকে কেন্দ্র করে পাহাড়ি ছাত্র পরিষদ ও ছাত্রলীগ-যুবলীগসহ কয়েকটি বাঙালি সংগঠনের সংঘর্ষ হয়। এটি একপর্যায়ে সহিংসতায় রূপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটি শহরে ১৪৪ ধারা ও কারফিউ (সান্ধ্য আইন) জারি করা হয়।

১৫ জানুয়ারি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ও ব্যবস্থাপনা বিভাগে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সম্মান শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ পদক্ষেপ পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে আবারও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে বলে মনে করছে পাহাড়ি ছাত্র পরিষদ।