রাঙামাটি মুক্ত দিবস পালিত হয়েছে গতকাল শনিবার। এদিকে মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর শহীদ যোদ্ধাদের স্মরণে চট্টগ্রামের সীতাকুণ্ডে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযোদ্ধা মনীষ দেওয়ান ও শামসুদ্দিন আহমেদের উদ্যোগে রাঙামাটি মুক্ত দিবস উপলক্ষে গতকাল বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে রাঙামাটি শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়–সংলগ্ন উন্মুক্ত স্থানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলনকক্ষে স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের রাঙামাটি ইউনিটের কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু, মুক্তিযোদ্ধা পুনর্বাসন সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা রণ বিক্রম কিশোর ত্রিপুরা, অশোক মিত্র কার্বারি, রাঙামাটি চেম্বারের সভাপতি মুক্তিযোদ্ধা মো. বেলায়েত হোসেন, মনীষ দেওয়ান, শামসুদ্দিন আহমেদ এবং সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক সুনীল কান্তি দে।
এদিকে গতকাল বিকেলে সীতাকুণ্ড উপজেলা সদরের গজারিয়া দিঘির পাড়ে মিত্রবাহিনীর শহীদদের সমাধির পাশে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভূঁইয়া। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছানাউল্ল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাব উদ্দিন।
স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহফুজুল হক শাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্ল্যাহ, চট্টগ্রাম জেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে এম আলাউদ্দিন, সীতাকুণ্ড পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম।
সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মিত্রবাহিনীর সদস্যরা জীবন দিয়েছেন। অথচ তাঁদের সমাধি অযত্নে অবহেলায় পড়ে আছে।