রাঙামাটি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটিতে মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ স্থগিত করার দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ গতকাল বিক্ষোভ করে। ছবিটি বেলা ১১টায় তোলা l প্রথম আলো
রাঙামাটিতে মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ স্থগিত করার দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ গতকাল বিক্ষোভ করে। ছবিটি বেলা ১১টায় তোলা l প্রথম আলো

রাঙামাটি মেডিকেল কলেজের কার্যক্রম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত স্থগিত করার দাবিতে গতকাল বুধবার পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ এ সমাবেশ করে।
বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ ফটকে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন না করে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সরকারের গভীর ষড়যন্ত্র। পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে এসব বড় বড় প্রকল্প বাস্তবায়ন পার্বত্য জনগণের ভূমিদখল ও স্থায়ী বাসিন্দাদের সংখ্যালঘুতে পরিণত করার নীলনকশা। এ প্রক্রিয়া অব্যাহত রাখা হলে ছাত্র-যুবসমাজ বসে থাকবে না। এ বিষয়ে যেকোনো ভয়াবহ পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।
বক্তারা আরও বলেন, আমরাও উচ্চশিক্ষা চাই। তবে ধোঁকাবাজির উচ্চশিক্ষা প্রকল্প আমরা মেনে নিতে পারব না। পার্বত্য এলাকার পাহাড়ি বাঙালি জনগণ যেন উচ্চশিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, তার জন্য সরকারকে সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নিতে হবে।
পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি বাচ্চু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিষদের সাবেক সভাপতি ও জনসংহতি সমিতির স্টাফ সদস্য উদয়ন ত্রিপুরা, কেন্দ্রীয় সভাপতি জ্যোতির্ময় চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সহ-সাধারণ সম্পাদক জোনাকি চাকমা।
এর আগে শহরের দক্ষিণ কালিন্দীপুরের জনসংহতি সমিতির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছির বের হয়ে বনরূপা ঘুরে এসে জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়।
দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি আঞ্চলিক রাজনৈতিক দলসহ ছাত্র যুব সংগঠন এবং নাগরিক সংগঠন পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে এবং শিক্ষাব্যবস্থার উন্নয়ন ছাড়া মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম স্থগিত রাখার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
সরকার রাঙামাটি মেডিকেল কলেজে ছাত্র ভর্তির কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় কলেজে ৫০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (চিকিৎসা শিক্ষা) কার্যালয় মেডিকেল কলেজসমূহের ভর্তি পরীক্ষায় কৃতকার্য ছাত্রছাত্রীদের মধ্যে রাঙামাটি মেডিকেল কলেজে অধ্যয়নের জন্য ৪১ জনের রোল নম্বর প্রকাশ করেছে।