রাঙামাটি মেডিকেল পরিচালনায় জনসংহতি সমিতির সদস্যকে যুক্ত করার সিদ্ধান্ত
রাঙামাটি মেডিকেল কলেজের পরিচালনা বোর্ডে জনসংহতি সমিতির (জেএসএস) একজন সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে ভবিষ্যতে শিক্ষার্থী ভর্তির সময় উপজাতি কোটা বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দ্রুত রাঙামাটি মেডিকেল কলেজে ক্লাস শুরুর নির্দেশ দেন। সভায় পার্বত্য চট্রগ্রাম-বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জনসংহতি সমিতির নেতা এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারিও স্বাস্থ্যমন্ত্রী দ্রুত ক্লাস শুরুর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অচলাবস্থা কাটেনি। রাঙামাটি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন এমন শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ১৩ মার্চ মানববন্ধন করেন। তাঁরা নিজেদের শিক্ষাজীবন নিয়ে শঙ্কিত বলে জানান।
স্কুল স্বাস্থ্য কর্মসূচি জোরদার করা হবে: বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির নেতারা আজ মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় মন্ত্রী দেশের উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোয় শিশুদের জন্য ১৫০ জন চিকিৎসক পদায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি উপজেলা পর্যায়ের বিদ্যালয়গুলোয় শিশু-কিশোরদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে স্কুল স্বাস্থ্য কর্মসূচি জোরদার করার আশ্বাস দেন। এই কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী বাংলাদেশে পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের নেতাদের উপজেলার বিদ্যালয়গুলোতে শিশু স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প করার জন্য আহ্বান জানান।