রাঙামাটি যেন পর্যটকের শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে রাঙামাটি শহর পর্যটকে ভরে উঠেছে। সরকারি-বেসরকারি হোটেল-মোটেলের সব কক্ষ আগামী বৃহস্পতিবার পর্যন্ত বরাদ্দ হয়ে গেছে। পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত ২২ সেপ্টেম্বর রাঙামাটি শহরে বাঙালি-আদিবাসী সাম্প্রদায়িক সহিংসতার পর হঠাৎ পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু গত রোববার হঠাৎ পর্যটকে ভরে ওঠে রাঙামাটি শহর। রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের অভ্যর্থনাকারী মো. মাসুম বলেন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত পর্যটনের সব কক্ষ ও মোটেল ভাড়া হয়ে গেছে। অনেকে ফোন করে কক্ষ খালি আছে কি না জানতে চাইছেন। পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় শুক্র-শনিবারও পর্যটকে ভরা থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।হোটেল সুফিয়া ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক মো. রাসেল জানান, এ মৌসুমে পর্যটক আসবে কি না তা নিয়ে চিন্তায় ছিলাম। কিন্তু রাঙামাটির পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় পর্যটকদের ভ্রমণে আসা শুরু হয়েছে। এখন হোটেলের সব কক্ষ ভাড়া হয়ে গেছে।গতকাল সোমবার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পর্যটকেরা দলে দলে বিভিন্ন স্থানে ঘুরছেন। অনেকে কাপ্তাই হ্রদে নৌবিহারে ব্যস্ত। পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর ওপর এখনো হাঁটুপানি। তার পরও পর্যটকদের ডিয়ার পার্কে যাওয়া এবং পার্শ্ববর্তী আদিবাসী গ্রাম ঘুরে দেখার সুবিধার্থে ঝুলন্ত সেতুটি খুলে দেওয়া হয়েছে। সেতুর হাঁটুপানিতে অনেক পর্যটককে আনন্দ করতে দেখা গেছে। অপরদিকে, মাঝেরবস্তির এলাকার আদিবাসী বস্ত্রের মার্কেটেও পর্যটকদের ভিড় বেড়েছে বলে দোকানিরা জানান।চট্টগ্রামের পাঠানতলী থেকে আসা মোহামঞ্চদ হান্নান জানান, ‘ঈদের ছুটিতে রাঙামাটি বেড়াতে আসব তা আগে থেকে ঠিক ছিল। কিন্তু মাঝখানে পরিস্থিতির কথা শুনে চিন্তায় ছিলাম আসতে পারব কি না। এসে দেখি সব শান্ত। খুব ভালো লাগছে।’ফেনী থেকে কয়েকজন বন্ধুসহ বেড়াতে আসা কলেজছাত্র শ্যামল বরণ মজুমদার বলেন, ‘রাঙামাটির নদী আর পাহাড়ের সৌন্দর্যই আলাদা। সে কারণে সব সময় আসতে ইচ্ছে হয়।’