রাঙামাটি রাজবন বিহারে কঠিন চীবরদান শুরু
রাঙামাটি রাজবন বিহারে গতকাল বৃহস্পতিবার কঠিন চীবরদান অনুষ্ঠান শুরু হয়েছে। বিকেল পৌনে তিনটায় দুই দিনের এ অনুষ্ঠান উদ্বোধন করেন চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়। এ ছাড়া আদিবাসী কোমর-তাঁতশিল্পী সঞ্চরণবালা চাকমা চরকায় সুতা কেটে বৌদ্ধ সাধকদের পরনের কাপড় ‘চীবর’ তৈরির কার্যক্রম যৌথভাবে উদ্বোধন করেন।৪০ বছর আগে প্রয়াত বৌদ্ধ সাধক বনভান্তেখ্যাত শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের অনুপ্রেরণায় রাঙামাটি জেলার লংগদু উপজেলার তিনটিলা বন বিহারে প্রথম কঠিন চীবরদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌনে তিনটায় চাকমা রাজা দেবাশীষ রায় ফিতা কেটে চীবরদান অনুষ্ঠান উদ্বোধনের পর বলেন, প্রতিবছরের মতো এবারও এ পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এ অনুষ্ঠানের মাধ্যমে একাগ্র চিত্তে সমিঞ্চলিতভাবে কঠিন কাজ সম্পন্ন করার শিক্ষা লাভ করা যায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান ও রাজবন বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ান। এর আগে বৌদ্ধ ভিক্ষুরা সারিবদ্ধভাবে বেইন ঘরে এসে উপস্থিত বৌদ্ধ জনসাধারণকে ধর্মীয় দেশনা (উপদেশ বাণী) শোনান। সকাল থেকে দিনব্যাপী রাজবন বিহার স্বাস্থ্যকেন্দ্রে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) রাঙামাটি জেলা শাখা ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে দেওয়া হয় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধপত্র। এদিকে চীবরদান অনুষ্ঠানকে ঘিরে প্রশাসন বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। বসানো হয়েছে পুলিশের অস্থায়ী চৌকি। পুরো শহর এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।