রাঙামাটি শহরও বড় ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপ্তাই হ্রদের তীরে পাহাড়চূড়ায় রাঙামাটি জেলা সিভিল সার্জনের বাংলো। পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ বসতি। গতকাল বিকেলে তোলা ছবি l সুপ্রিয় চাকমা
কাপ্তাই হ্রদের তীরে পাহাড়চূড়ায় রাঙামাটি জেলা সিভিল সার্জনের বাংলো। পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ বসতি। গতকাল বিকেলে তোলা ছবি l সুপ্রিয় চাকমা

রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয় বাসিন্দারা এই মত প্রকাশ করেন। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির নেতারাও প্রথম আলোর সঙ্গে আলাপে একই কথা বলেছেন।

 পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান প্রথম আলোকে বলেন, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ দেওয়ায় সমতল ভূমি থেকে রাঙামাটি শহর পাহাড়ের ওপরে স্থানান্তর করতে হয়। আগে পাহাড়ের উপত্যকায় শহর ছিল। তখন যাঁরা রাঙামাটির বাসিন্দা ছিলেন, তাঁরা পাহাড়ের প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িঘর তৈরি করেন। প্রকৃতির ক্ষতি না করে কীভাবে বসবাস করতে হয় তা তাঁরা জানতেন।

গৌতম দেওয়ান বলেন, রাঙামাটির জনসংখ্যা যত বেড়েছে ততই আইন, স্বাভাবিক নিয়মকানুন লঙ্ঘন করে, পাহাড় কেটে, বন উজাড় করে, অনুমোদন না নিয়ে, জায়গা দখল করে বাড়িঘর, স্থাপনা নির্মাণ চলতে থাকে। এর পেছনে রাজনৈতিক প্রশ্রয় ছিল। ফলে তা প্রতিরোধ করা যায়নি। সে জন্যই আজ এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে রাঙামাটি শহরই এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

গত ১৩ জুনের পাহাড়ধসে রাঙামাটি শহরের ১২টি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও বেশ কয়েকটি চিহ্নিত করার প্রক্রিয়াধীন আছে। এ ছাড়া একাধিক বহুতল ভবনসহ বেসরকারি মালিকানাধীন কয়েক শ বাড়িঘর, দোকানপাট ও শহরের ভেতরের নয় কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পাহাড়ধসের রাঙামাটিতে প্রাণ হারিয়েছেন ১২০ জন।

পিডব্লিউডির নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমদ বলেন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ সরকারি ভবনগুলোর মধ্যে রয়েছে রাঙামাটি টেলিভিশন ভবন, বেতার ভবন, সার্কিট হাউস, জেলা প্রশাসকের বাস ভবন, পুলিশ সুপারের বাস ভবন, সিভিল সার্জনের বাসভবন, জেলা সমাজসেবা কার্যালয়, নার্সিং ইনস্টিটিউট, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কার্যালয়, পাসপোর্ট অফিস, পিডব্লিউডির নির্বাহী প্রকৌশলীর বাসভবন ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের কার্যালয়।

এই ভবনগুলো মেরামত করে নিরাপদ করার জন্য ৪০ কোটি টাকা প্রয়োজন হবে বলে জানান জহির উদ্দিন আহমদ। তিনি বলেন, জেলা প্রশাসকের বাসভবন যে পাহাড়ে, তার নিচের অংশেই অবৈধ বসতি রয়েছে। পিডব্লিউডির নির্বাহী প্রকৌশলীর বাসভবনের নিচেও অবৈধ বসতি রয়েছে। তিনি বলেন, এখন বেসরকারি অনেক বাড়ির মালিকও তাঁদের বাড়ির ঝুঁকি নিরূপণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, শহরের তবলছড়ি এলাকার একটি বাড়ির সীমানাদেয়াল ও সেপটিক ট্যাংক ধসে হ্রদের মধ্যে চলে গেছে। বাড়িটি হেলে আছে। নিরাপত্তার কারণে আশপাশের বাড়িঘরের লোকজন সরে গেছে। রাঙামাটি শহরে হ্রদের ধার ঘেঁষে শত শত বৈধ-অবৈধ বাড়িঘর তৈরি হয়েছে। রাজনৈতিক সিদ্ধান্ত ও উদ্যোগ ছাড়া এসব অবৈধ বসতি উচ্ছেদ করা সম্ভব হবে না।

জেলা প্রশাসকের কার্যালয়ের ওই সভায় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃশকেতু চাকমা বলেন, অবৈধ বসতি উচ্ছেদ করার পাশাপাশি আর যেন কেউ নতুন করে অবৈধ বসতি তৈরি করতে না পারে এখনই সেই পদক্ষেপ নেওয়া জরুরি।

অবৈধ বসতি উচ্ছেদ করা হয় না এই অভিযোগ তুলে সভায় রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা বলেন, বসতি স্থাপনের জন্যই পাহাড় কাটা হয়। ছড়া (ঝরনা) থেকে পাথর তোলা হয়। মানুষের এসব কর্মকাণ্ড পাহাড়ের স্বাভাবিক পরিবেশকে বিঘ্নিত করেছে।

পাহাড় কেটে, বন উজাড় করে, পাহাড়ি এলাকায় ভারী যানবাহন চালিয়ে প্রকৃতিকে বিরক্ত করা হয়েছে বলে মন্তব্য করেন শহরের প্রবীণ বাসিন্দা এ কে দেওয়ান। তিনি বলেন, পানিনিষ্কাশনব্যবস্থা স্বাভাবিক না থাকলে আবারও পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন বলেন, ‘দখলদারত্ব ও অপরিকল্পিত বাড়িঘর তৈরি হচ্ছে অনবরত। আমরা আতঙ্কে আছি।’

রাঙামাটির রাস্তাগুলো গত বছর সেনাবাহিনীর কাছ থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কাছে হস্তান্তর করা হয় বলে জানান সংস্থার নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন। তিনি বলেন, দীর্ঘদিন এই রাস্তাগুলোর রক্ষণাবেক্ষণ হয়নি। রাস্তাগুলো এখন খুবই ঝুঁকিপূর্ণ। তিনটি স্থানে রাস্তা বিলীন হয়ে গেছে। এগুলো টেকসই করে তৈরির জন্য বিশেষজ্ঞদের দিয়ে জরিপ প্রয়োজন।

পাহাড়ের ঢালের সঙ্গে সামঞ্জস্য রেখে রাস্তা তৈরি করার পরামর্শ দিয়েছেন ফায়ার সার্ভিসের রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম মোস্তফা। জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মনির বলেন, বসতি গড়ার জন্য প্রতিযোগিতা করে পাহাড় কাটা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতামত সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পার্বত্য চট্টগ্রামে যে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাকে বলা হয় ‘এনথ্রোপো হাইড্রো মেটেরোলজিক্যাল ডিজাস্টার’। অর্থাৎ মানুষ, পানি ও আবহাওয়া মিলে এই পরিস্থিতি সৃষ্টি করেছে। পানি ও আবহাওয়া প্রাকৃতিক। এগুলো মেনে নিতেই হবে। কিন্তু এই বিপর্যয়ে মানুষের যে ভূমিকা তা বন্ধ করতে হবে। তা করা গেলে বিপর্যয়ের মাত্রা সহনীয় রাখা সম্ভব হবে। তবে রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া মানুষের ভূমিকা রোধ করা সম্ভব হবে না।