রাঙামাটি শহরকে পর্যটনবান্ধব করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে একটি ‘পর্যটন ব্যবস্থাপনা কমিটি’ গঠনসহ ১৪টি প্রস্তাব তুলে ধরেছেন পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, ব্যবসায়ী, সাধারণ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী নেতারা। গতকাল মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন উন্নয়ন বিষয়ে ‘সোশ্যাল মিডিয়া আড্ডায়’ এ প্রস্তাব দেওয়া হয়।
জেলা প্রশাসন সম্মেলনকক্ষে সকাল সাড়ে ১০টা থেকে দুই ঘণ্টার সোশ্যাল মিডিয়া আড্ডার আলোচনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে
যোগ দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচির পরামর্শক মানিক মাহমুদ।
আলোচনায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বলেন, ‘বৈচিত্র্যে সমৃদ্ধ রাঙামাটি জেলায় পর্যটনের ক্ষেত্রে রাজনৈতিক, যোগাযোগসহ অনেক চ্যালেঞ্জ রয়েছে। তার পরও আমাদের ইতিবাচক পরিবর্তনের দিকে যেতে হবে। পর্যটনের উন্নয়নে কোথায় কী করা যায়, তা দেখতে হবে। সবাই মিলে সামগ্রিকভাবে রাঙামাটিকে পর্যটনবান্ধব শহরে পরিণত করতে হবে।’
মো. মাকছুদুর রহমান পাটওয়ারী বলেন, সরকার ২০১৬ সালকে পর্যটন বছর হিসেবে ঘোষণা করেছে। পর্যটনের সম্ভাবনাময় স্থানগুলোর মধ্যে রাঙামাটি অন্যতম। সরকারের দায়িত্ব অবকাঠামো উন্নয়ন করা। আর স্থানীয় উদ্যোক্তাদের পর্যটনকে প্রসারিত করতে কাজ করে যেতে হবে।
মানিক মাহমুদ বলেন, রাঙামাটি জেলা তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। সেখানে ডিজিটাল মেলা খুব ভালোভাবে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ফেসবুক পেজ কাজে লাগিয়ে সেবা প্রদানের ক্ষেত্রকে প্রসার ও সহজ করেছে। জেলা প্রশাসন কার্যালয়ে ওয়াই-ফাই জোন সৃষ্টি করে সবার জন্য উন্মুক্ত করেছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন জানান, রাঙামাটি জেলা প্রশাসন রাঙামাটি ট্যুরিজম নামের একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করেছে। সেই অ্যাপসটিতে রাঙামাটি জেলার সব দর্শনীয় স্থানের তথ্য এবং হোটেল-মোটেলের পথ নকশা সন্নিবেশ করা হয়েছে। এ ছাড়া পর্যটকদের সুবিধার জন্য একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে। ফেসবুক পেজের মাধ্যমে জনগণকে তথ্য ও সেবা প্রদানের জন্য জেলার ১০টি উপজেলার সব নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
আড্ডায় অংশগ্রহণকারী হোটেল-মোটেল, যানবাহন ও নৌযান মালিকসহ সরকারি কর্মকর্তারা সড়ক সংস্কার, আধুনিক যানবাহন চালু, কাপ্তাই হ্রদের নাব্যতা বাড়াতে খননকাজ চালানো, সুবলং ঝরনাসহ পর্যটন স্পটগুলোকে সুসজ্জিত করাসহ ১৪টি প্রস্তাবনা তুলে ধরেন।