রাঙামাটি শহরবাসীর দুঃখ ২০ ফুট সড়ক
চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাঙামাটি শহরের বনরূপা চৌমুহনী এলাকার ২০ ফুট সড়ক এখন শহরবাসীর দুঃখ হয়ে উঠেছে। শহরের কেন্দ্রস্থলে এমন একটি ভাঙাচোরা সড়কের কারণে লোকজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে। জানা গেছে, শহরের মূল কেন্দ্র বনরূপায় সড়কের ২০ ফুট অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা। ওই স্থানটি বাজার এলাকার পাশে হওয়ায় সব সময় লোকজনের আনাগোনা থাকে। এ ছাড়া উত্তর ও দক্ষিণ দিকের জনবহুল ফরেস্ট কলোনি, ট্রাইবাল আদাম, চম্পকনগর, বনরূপা ও দেওয়ানপাড়ার হাজার হাজার মানুষকে ওই স্থান দিয়ে চলাচল করতে হয়। সাপ্তাহিক হাটের দিন বুধবার ও শনিবার এখানে সবচেয়ে বেশি যানজটের সৃষ্টি হয়। ওই স্থানে বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে। স্থানটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতে হাঁটুপানি জমে যায়।সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ ইসিবির ক্যাপ্টেন মুনতাসির ওই ভাঙা সড়কের জন্য মানুষের কষ্টের কথা স্বীকার করে বলেন, বর্ষার পরে সড়কটি মেরামত করা হবে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়ক ভাঙা হওয়ায় এমনিতে যানবাহন ওই স্থান দিয়ে ধীরগতিতে পার হয়। অপরদিকে সড়কের দুই দিকে সারি বেঁধে দাঁড়িয়ে আছে কমপক্ষে অর্ধশতাধিক অটোরিকশা। চলন্ত গাড়ি আর অপেক্ষমাণ অটোরিকশার ফাঁক দিয়ে লোকজনকে যাতায়াত করতে হচ্ছে। অটোরিকশাচালক মো. ফরিদ উদ্দিন বলেন, ‘ওই জায়গায় অটোরিকশা নিয়ে না দাঁড়ালে সারা দিনে একজন যাত্রীও পাওয়া যাবে না। তাই সব অটোরিকশাচালক সেখানে যাত্রীর অপেক্ষায় থাকেন।’ তিনি বলেন, রাঙামাটি শহরের মূল সড়কে কোথাও তেমন ভাঙাচোরা রাস্তা নেই। অথচ এই স্থানটি সব সময় ভাঙা অবস্থায় থাকে। সড়ক ও জনপথ বিভাগ রাঙামাটির নির্বাহী প্রকৌশলী মো. ইমাইল হোসেন জানান, চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাঙামাটি অংশের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের। এই সড়ক মেরামত বা রক্ষণাবেক্ষণের কোনো অর্থ তাঁদের কাছে বরাদ্দ নেই।