রাঙামাটি শহরে চলছে অটোরিকশা ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিন ধরে নিখোঁজ অটোরিকশাচালক শহীদুল ইসলামকে উদ্ধারের দাবিতে রাঙামাটি শহরে গতকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট শুরু হয়েছে। শহরে ভাড়ায় চলাচলকারী একমাত্র যান অটোরিকশা চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে মানুষ। ধর্মঘট চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী আহম্মদ অলি জানান, গত ২৭ মার্চ অটোরিকশাচালক শহিদুল ইসলাম রাঙামাটি থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাটে যান। সেখান থেকে ফিরে আসার পথে তিনি অটোরিকশাসহ নিখোঁজ হন। এখন পর্যন্ত প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারেনি। তাই বাধ্য হয়ে গতকাল অনির্দিষ্টকালের ধর্মঘটের মতো কর্মসূচি দেওয়া হয়েছে। চালক উদ্ধার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান মহসিন বলেন, নিখোঁজ চালককে উদ্ধারসহ অটোরিকশাচালকদের নিরাপত্তা নিয়ে গতকাল বিকেলে প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে।
জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন জানান, শ্রমিক ইউনিয়নকে অটোরিকশা ধর্মঘট প্রত্যহারের অনুরোধ করা হয়েছে।