রাঙামাটি শহরে বসে জুরাছড়ি উপজেলা পরিষদের বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুরাছড়ি উপজেলা পরিষদের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাস করা হলো রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্টে বসে। এ সময় মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় বলে জানা গেছে। জেলা প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, উপজেলা পরিষদের বাজেট উপজেলা সীমানার মধ্যে জনসমক্ষে করতে হবে। উপজেলার সীমানার বাইরে গিয়ে বাজেট সভা করা অনৈতিক।
জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে রাঙামাটি শহরের রাজবাড়ি সড়কের একটি রেস্টুরেন্টে জুরাছড়ি উপজেলা পরিষদের বাজেট সভা বসে। এ সময় বিভিন্ন আলোচনার পর বেলা একটার দিকে ২০১৪-১৫ অর্থবছরের দুই কোটি টাকার বাজেট পাস করা হয়। জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমাসহ দুই ভাইস চেয়ারম্যান ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ সাইফুল ইসলাম বাজেট প্রণয়নের বিষয়টি অস্বীকার করেন। তবে উন্নয়নবিষয়ক বিভিন্ন আলোচনা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, উপজেলা পরিষদ কার্যালয়ের সীমানার মধ্যে বিভিন্ন ঘরবাড়ি উঠেছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া, বাজেট জুরাছড়িতে বসে করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তবে সভায় ২০১৪-১৫ অর্থবছরের জন্য দুই কোটি টাকার বেশি বাজেট প্রণয়ন হয়েছে বলে স্বীকার করে উপজেলা পরিষদের চেয়ারম্যান উদয় জয় চাকমা বলেন, ‘কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় সেখানে বিভিন্ন সমস্যা হচ্ছে। তাই রাঙামাটি শহরে সভা হয়েছে।’ রাঙামাটি শহরে বসে উপজেলা পরিষদের বাজেট রাঙামাটি শহরে বসে করা অনৈতিক কি না—প্রশ্ন করা হলে চেয়ারম্যান বলেন, ‘আমি এখনো নতুন চেয়ারম্যান, তেমন কিছু বুঝি না।’ বাজেটে দুই কোটি টাকার বেশি বরাদ্দ চাওয়া হয়েছে বলে তিনি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের বলা হয়েছে সাবারাং রেস্টুরেন্টে ২০১৪-১৫ সালের বাজেট আলোচনা হবে। আজ (গতকাল মঙ্গলবার) আমাদের সকাল ১০টায় সেখানে উপস্থিত হতে বলা হয়েছিল।’ অন্য কর্মকর্তারাও একই কথা বলেন৷
সাবারাং রেস্টুরেন্টের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জুরাছড়ি উপজেলার জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সভা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুপুরের খাবারের কত টাকা বিল হয়েছে, তা বলতে অপারগতা প্রকাশ করা হয়েছে৷