রাঙামাটি শহরে মাটিচাপা পড়ে শ্রমিক নিহত
রাঙামাটি শহরের তবলছড়ি ওমদামিয়া হিলের ধনমিয়া পাহাড়ে মাটিচাপা পড়ে সানাউল্লাহ (২২) নামের এক শ্রমিক মারা গেছেন। এ ছাড়া ইসমাইল (২৩) নামের অপর এক শ্রমিক আহত হয়েছেন।রাঙামাটি পৌরসভার সহকারী প্রকৌশলী বিরল বড়ুয়া জানান, পৌরসভার তত্ত্বাবধানে ধনমিয়া পাহাড় সড়কের ভাঙন রোধে প্রতিরক্ষা দেয়াল নির্মাণের জন্য সন্ধ্যা ৬টার দিকে চার শ্রমিক মাটি খুঁড়ছিলেন। এর আগে প্রায় এক ঘণ্টা ভারী বৃষ্টি হওয়ায় মাটি নরম হয়ে যায়। এ সময় পাহাড়ের মাটি ধসে পড়লে দুই শ্রমিক চাপা পড়েন।খবর পেয়ে পৌরসভার প্রকৌশলী, স্থানীয় দমকলকর্মীরা গিয়ে সন্ধ্যা ৭টার দিকে দুজনের মধ্যে একজনকে মৃত ও অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। আহত ব্যক্তিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর শ্রমিকেরা আরও একজন মাটির নিচে থাকতে পারে বলে দাবি করায় রাত সাড়ে ৮টা পর্যন্ত সব মাটি সরানো হয়। তবে আর কাউকে পাওয়া যায়নি বলে প্রকৌশলী বিরল বড়ুয়া জানান।