রাঙামাটি শহরে সড়কের নাম পরিবর্তনের দাবি
রাঙামাটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে তবলছড়ি পর্যন্ত সড়কের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধারা। তাঁদের অভিযোগ, যাঁর নামে ওই সড়কের নামকরণ করা হয়েছে সেই এস টি হোসেন মুক্তিযুদ্ধের সময় রাঙামাটি শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। তাই সড়কটির নাম পরিবর্তন করে যেকোনো একজন মুক্তিযোদ্ধা অথবা শহীদের নামে নামকরণের দাবি জানিয়েছেন তাঁরা।জানা গেছে, ১৯৯৩-৯৪ সালে রাঙামাটি পৌরসভার অভ্যন্তরের বিভিন্ন সড়কের নামকরণের সময় পুরাতন বাসস্ট্যান্ড থেকে তবলছড়ি পর্যন্ত সড়কটির নামকরণ করা হয় এস টি হোসেনের নামে। সড়কের নামকরণ করার সময় তৎকালীন পৌরসভা কর্তৃপক্ষ স্থানীয় কারও সঙ্গে আলোচনা করেনি। পরবর্তী সময়ে এ বিষয়ে আপত্তি উঠলেও সড়কের নাম পরিবর্তনে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তৎকালীন অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক সুনীল কান্তি দে জানান, স্বাধীনতাযুদ্ধের সময় যেসব ব্যক্তি পাকিস্তানি হানাদারদের সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন তাঁদের মধ্যে এস টি হোসেন অন্যতম। স্বাধীনতার পর তিনি হানাদারদের সহযোগী হিসেবে থাকায় বেশ কয়েক মাস জেলে ছিলেন। শহীদ মনোরঞ্জন দের ছেলে সাংবাদিক শৈলেন দে বলেন, ‘আমাদের পরিবারের চার সদস্য শহীদ হয়েছেন। এ সড়কের নামফলকটি আমাদের পরিবারকে সব সময় ব্যথিত করে। আমাদের হূদয়ে রক্তক্ষরণ হয়।’ শহীদ অর্জুন চন্দ্র দে পুলিশের কোর্ট ইন্সপেক্টর ছিলেন। তিনি শহীদ হয়েছিলেন কুমিল্লায়। তাঁর ছেলে কাচালং কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দে বলেন, ‘আমরা চাই সড়কটির নাম পরিবর্তন করে কোনো মুক্তিযোদ্ধা অথবা শহীদের নামে নামকরণ করা হোক।’ রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী জানান, নাম পরিবর্তনের ব্যাপারে তাঁর কাছে কেউ আসেনি। সড়কটির নামকরণ করা হয়েছে অনেক আগে। কোন বিবেচনায় করা হয়েছে তা দেখতে হবে। কারণ, এস টি হোসেন রাঙামাটি পৌরসভার প্রথম টাউন কমিটির সভাপতি ছিলেন।