রাঙামাটি সদরে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত
রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়া ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
আজ সোমবার বেলা দুইটার দিকে উপজেলার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
জানা গেছে, আজ দুপুরে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের সমর্থকেরা ওই কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনতাই করে জাল ভোট দিতে থাকেন। এ সময় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল বাসেতের সমর্থকেরা তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। একপর্যায়ে জাকির হোসেনের সমর্থকেরা কেন্দ্রের ভেতর ভাঙচুর করে ব্যালট পেপার ও বাক্স ছিনতাই করে নিয়ে যান। ভাঙচুরের ছবি তুলতে গেলে আওয়ামী লীগের সমর্থকেরা প্রথম আলোর রাঙামাটি প্রতিনিধি হরিকিশোর চাকমাকে মারধর করে তাঁর ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, বেশ কিছু ব্যালট পেপার ও বাক্স ছিনতাই হয়েছে। এর আগে জাল ভোট দেওয়ার ঘটনাও ঘটে। এ কারণে এই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।