রাঙামাটি সদরে কেন্দ্র দখল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল সোমবার সময় যত গড়িয়েছে, তত উত্তাপ বেড়েছে। তবে জেলার অপর তিনটি উপজেলা পরিষদে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ও বিএনপি-সমর্থিত প্রার্থী সরকারি দল আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ করেছেন। ভোট জালিয়াতির ছবি তোলার সময় আওয়ামী লীগের সমর্থকেরা দুজন সাংবাদিকের ওপর হামলা চালান।

অপরদিকে জনসংহতি সমিতির প্রার্থীর বিরুদ্ধে সাতটি ইউনিয়নে তাদের কর্মীদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া এবং কেন্দ্র দখলের অভিযোগ করেছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। এর প্রতিবাদে আওয়ামী লীগ আজ মঙ্গলবার জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে।
চেয়ারম্যান পদপ্রার্থী অরুণ কান্তি চাকমার প্রধান নির্বাচনী এজেন্ট নীলোৎপল খীসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেন, আওয়ামী লীগ কর্মীদের হামলায় জনসংহতি সমিতির সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের কমপক্ষে ১১ জন কর্মী আহত হয়েছেন।
বেলা ১১টার দিকে শাহ বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে একদল তরুণ তিনটি বুথে ঢুকে জোর করে চেয়ারম্যান পদের ১২২টি ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেয়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অটন চাকমা বলেন, ‘আমরা ব্যালট পেপারের নাম্বারগুলো চিহ্নিত করেছি। সেগুলো বাজেয়াপ্ত করা হবে।’
বিকেলে আওয়ামী লীগের কর্মীরা রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ঢুকে দরজা-জানালায় লাথি মেরে আতঙ্ক সৃষ্টি করে দোতলায় সাত নম্বর বুথে ঢুকে এজেন্টদের বের করে দিয়ে চেয়ারম্যান পদের ব্যালট পেপারে সিল মারতে থাকেন। তখন পাশেই চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনকে দেখা গেছে। এ খবর পেয়ে বিএনপির কর্মীরাও কেন্দ্রে ঢুকে পড়লে উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এর পরই আওয়ামী লীগের অর্ধশতাধিক কর্মী ক্যামেরা কেড়ে নিতে প্রথম আলোর রাঙামাটি নিজস্ব প্রতিবেদক হরি কিশোর চাকমা ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি হিমেল চাকমাকে চারদিক থেকে ঘিরে কিল-ঘুষি মারতে থাকেন। প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম চৌধুরী ওই সময় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন। পরে বেলা তিনটার দিকে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল করিম রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসে পুনরায় ভোট গ্রহণ শুরু করেন।
এদিকে বেলা দেড়টা থেকে সাড়ে তিনটার মধ্যে আওয়ামী লীগের কর্মীরা একযোগে আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙামাটি সরকারি কলেজ, শহীদ আব্দুল আলী একাডেমি, রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে জনসংহতি সমিতি-সমর্থিত প্রার্থীদের কর্মীদের ওপর হামলা ও ব্যালট পেপার ছিনতাই শুরু করেন। এ সময় আওয়ামী লীগের কর্মীরা কলেজ গেট এলাকায় একজন আদিবাসীর মোটরসাইকেল পুড়িয়ে দেন।