রাঙামাটি সফরে ইইউ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার দুই দিনের সফরে রাঙামাটি এসেছে। সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
এ ছাড়া বরকল উপজেলার সুবলং ইউনিয়নের একটি গ্রামও ইইউ দলের সদস্যরা পরিদর্শন করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্প (সিএইচটিডিএফ) সূত্রে জানা গেছে, গতকাল সফরের প্রথম দিন প্রতিনিধিদলের সদস্যরা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ও চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়ের সঙ্গে কথা বলেন। এ ছাড়া দুপুরে রাঙামাটির শহরতলি ভেদভেদি এলাকায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা নিয়ে কমিউনিটি পুলিশের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে সন্তু লারমা ও দেবাশীষ রায় পার্বত্য চট্টগ্রামের বর্তমান অবস্থা তুলে ধরে আরও উন্নয়ন-সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। অপর দিকে ইইউ মিশনের প্রধান পিয়েরে মায়োদন কমিউনিটি পুলিশ সদস্যদের সঙ্গে আলাপকালে বলেন, ইইউ পার্বত্য চট্টগ্রামে আরও উন্নয়ন-সহায়তা দিতে আগ্রহী। প্রতিনিধিদলে রয়েছেন ব্রিটেনের হাইকমিশনার রবার্ট গিবসন, জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ, ইটালির রাষ্ট্রদূত মেরিয়ো পালমা, ডেনমার্কের রাষ্ট্রদূত হান কুজল এসকায়ারসহ সুইডেন, নরওয়ে, স্পেনের উপরাষ্টদূত ও কাউন্সিলররা।
সিএইচটিডিএফ সূত্রে জানা গেছে, ইইউ পার্বত্য চট্টগ্রামে সুশাসন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং দক্ষ শিক্ষাব্যবস্থা বিষয়ে প্রকল্প-সহায়তা দিতে আগ্রহী।