রাঙামাটি সফরে ভারতের মিজোরাম রাজ্যসভার প্রতিনিধিদল
ভারতের মিজোরাম রাজ্যসভার সাত সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় প্রতিনিধিদলটি রাঙামাটির বরকল উপজেলার ঠেগামুখ এলাকায় স্থলবন্দর চালু এবং ১২৩ কিলোমিটার আন্তদেশীয় সড়ক নির্মাণে ভারত ও বাংলাদেশ সরকারের উদ্যোগের বিষয় নিয়ে কথা বলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুণেন্দু ত্রিপুরার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বিকেলে গণমাধ্যমে পাঠানো এ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধিদলটির এ সফরের ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং ভারতের মিজোরাম ও তিন পার্বত্য জেলার মানুষের মধ্যে আর্থসামাজিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি পর্যটনের বিপুল সম্ভাবনা উন্মোচিত হবে।
সফরকারী দলের সদস্যরা হলেন ভারতের মিজোরাম রাজ্যসভার কমিটি অন পাবলিক আন্ডারটেকিংসের চেয়ারম্যান নিহার কান্তি চাকমা, রাজ্যসভার সদস্য জে এইচ রোথুয়ানা, পি সি জোরাম সাংলিয়ানা, জন সিয়ামকুঙ্গা, কে বিইচুয়া, লালরিনাওমা এবং রাজ্যসভার জয়েন্ট সেক্রেটারি এইচ লালরিনাওমা।
সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানভীর আজম ছিদ্দিকী প্রমুখ।
ভারতের প্রতিনিধিদলটি গত শনিবার রাঙামাটির বরকল উপজেলার প্রস্তাবিত ঠেগামুখ স্থলবন্দরের স্থান পরিদর্শন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।