রাঙামাটিতে অটোরিকশা ধর্মঘট শুরু
রাঙামাটি শহর ও আশপাশের এলাকায় গতকাল বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।লাইসেন্সবিহীন (অনুমতিপত্র) চালক ও অনুমতিহীন অটোরিকশা চালানো বন্ধ, চাঁদের গাড়ি (হুড খোলা জিপ) শহর এলাকায় প্রবেশ নিষিদ্ধ ও যাত্রীভাড়া পুনর্নির্ধারণের দাবি এবং মালিকপক্ষের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও আদিবাসী যান্ত্রিক পরিবহন বহুমুখী সমবায় সমিতি এ ধর্মঘটের ডাক দিয়েছে।রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার জানান, সারা দিন ধর্মঘট চললেও প্রশাসনের কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি। সে কারণে ধর্মঘট অব্যাহত থাকবে। বুধবার সন্ধ্যায় অন্যান্য নৌপথ ও স্থলপথের যানবাহনের শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার কথা জানান তিনি।জানা গেছে, অটোরিকশা ধর্মঘটের কারণে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত হতে না পারায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বাতিল করা হয়। যেসব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিজস্ব যানবাহন নেই, সেসব প্রতিষ্ঠান এবং আদালতের কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের দূরদূরান্ত থেকে পায়ে হেঁটে আসা-যাওয়া করতে দেখা গেছে। যাত্রীরা লঞ্চঘাটে পৌঁছাতে না পারায় রাঙামাটি শহর থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন গন্তব্যের লঞ্চের যাত্রী ছিল খুবই কম।অটোরিকশার চালকেরা অভিযোগ করেন, তাঁদের দাবির বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক ও বিআরটিএর সভাপতি সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর কাছে এর আগে তিনবার আবেদন করেছেন। সর্বশেষ ৫ সেপ্টেম্বর দাবি পূরণে নির্দিষ্ট সময়সীমা দিয়ে আবেদন করা হয়। গত মঙ্গলবার সেই সময়সীমা শেষ হওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করতে হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসকের সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে এর আগে আজ বৃহস্পতিবার অটোরিকশা শ্রমিক, মালিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছিলেন তিনি।