রাঙামাটিতে অপহরণের ছয় মাস পরও মুক্তি পায়নি ৫২ ব্যক্তি
অপহরণের ছয় মাস পরও মুক্তি পাননি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৫২ সদস্য। জিম্মি অবস্থায় তাদের ভরণপোষণের খরচ পরিবারকে বহন করতে হচ্ছে। অপহরণকারীরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য বলে জনসংহতি সমিতি অভিযোগ করেছে। তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ দাবি করেছে, এটা ক্ষুব্ধ জনতার কাজ। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে গত ১৬ ফেব্রুয়ারি রাঙামাটি শহর থেকে নৌপথে বাঘাইছড়ি ও লংগদু উপজেলায় নিজেদের বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা ৬২ জনকে অপহরণ করে। পরে নয়জনকে মুক্তি দেওয়া হয় ও একজন পালিয়ে আসেন। বাকি ৫২ জনের ভাগ্যে কী ঘটেছে, তা জানা যায়নি। রাঙামাটি জেলা পুলিশ সুপার আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় প্রশাসন অপহূত ব্যক্তিদের উদ্ধারে জোর চেষ্টা চালিয়েছিল। কিন্তু সব পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ায় সেই চেষ্টা সফল হয়নি। তবে ৫২ ব্যক্তির পরিবারের ভরণপোষণ স্থানীয় প্রশাসন বহন করছে। দুর্গম পাহাড়ে তারা মোটামুটি ভালো আছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি।’স্থানীয় প্রশাসন সূত্র জানায়, অপহরণকারীরা ৫২ জনের ভরণপোষণের জন্য তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে গত ছয় মাসে দুই দফায় মাথাপিছু পাঁচ হাজার টাকা করে নিয়েছেন। মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের মাসিক খরচ পরিবার থেকে জোগান দিতে বলেছে অপহরণকারীরা।অপহূত লংগদু উপজেলা জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক মনি শঙ্কর চাকমার স্ত্রী বীণা চাকমা বলেন, ‘আমার স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি কোথায় কেমন আছেন, তা জানতে পারছি না।’ জানা গেছে, অপহূত ব্যক্তিদের উদ্ধারে আদিবাসী নেতারাও উদ্যোগ নিয়েছিলেন। অপহরণকারীরা তাঁদের কাছে দুটি দাবি তোলেন। একটি হচ্ছে, আদিবাসীদের মধ্যে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ এবং দ্বিতীয়টি হচ্ছে, জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সন্তু লারমার পদত্যাগ। নাম প্রকাশে অনিচ্ছুক মধ্যস্থতাকারী বাঘাইছড়ির একজন আদিবাসী নেতা বলেন, ‘অপহরণকারীরা মুক্তিপণ চায়নি। তারা ভ্রাতৃঘাতী সংঘাত ও সন্তু লারমার পদত্যাগ দাবি করেছে। কিন্তু অপহরণ করলে সংঘাত কমে না, বাড়ে। আমরা তাদের বিষয়টি বুঝিয়ে ৫২ জনের মুক্তি চেয়েছি। তারা আমাদের কথা শোনেনি।’জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা ৫২ জনকে অপহরণের সঙ্গে ইউপিডিএফ জড়িত বলে অভিযোগ করে বলেন, ‘প্রশাসনের প্রচ্ছন্ন সমর্থন নিয়ে এরা পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। যেকোনো দাবি নিয়ে আলোচনা হতে পারে। তবে কাউকে অপহরণ বা জিম্মি করে আলোচনা বা সমঝোতা হতে পারে না। আলোচনার আগে ৫২ জনকে মুক্তি দিতে হবে।’ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ইউপিডিএফ নয়, ক্ষুব্ধ জনতা ৫২ জনকে আটকে রেখেছে। আমরা কেবল জনতার দাবির প্রতি সমর্থন দিয়েছি।’