রাঙামাটিতে অপহূত দুই যুবক উদ্ধার
রাঙামাটির সংগীতশিল্পী সৌরভ চাকমা ওরফে টিনটিন ও রিকি চাকমাকে অপহরণের পাঁচ দিন পর উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত পৌনে ১১টা থেকে সোয়া ১১টার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা তাঁদের উদ্ধার করেন।
তবে অপহরণকারী কাউকে আটক করা সম্ভব হয়নি। সেনাবাহিনী, পুলিশ ও সৌরভ চাকমার স্ত্রী ত্রিমিতা চাকমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সেনাবাহিনীর একটি সূত্রে জানা গেছে, অপহরণকারীদের আটকের জন্য যৌথ বাহিনীর অভিযান চলছে।
উদ্ধার পাওয়া সৌরভ চাকমা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী সুজিত চাকমার ছেলে ও সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল তুষার কান্তি চাকমার জামাতা।
সৌরভ চাকমার স্ত্রী ত্রিমিতা চাকমা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সৌরভের এখন প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলার মতো অবস্থা
নাই। তিনি সুস্থ হয়ে উঠলে পুলিশের কাছে জবানবন্দি দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।’
পারিবারিক সূত্রে জানা গেছে, সৌরভ চাকমা ও রিকি চাকমা আদিবাসীদের সামাজিক উৎসব বিজু উপলক্ষে খাগড়াছড়িতে যান। পরে গত সোমবার খাগড়াছড়ি থেকে একটি অটোরিকশায় করে রাঙামাটি আসার পথে বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে সশস্ত্র একটি দল খাগড়াছড়ি রাঙামাটি জেলার সীমানা নানিয়ারচর উপজেলার বেতছড়ি ইউনিয়নের কেঙেলছড়ি এলাকা থেকে তাঁদের অপহরণ করে।
অপহরণের দুই দিন পর সৌরভ চাকমার মুক্তির বিনিময়ে প্রথমে আড়াই লাখ আমেরিকান ডলার বা সমপরিমাণ টাকা দাবি করা হয়। পরে শুক্রবার দুপুরে মুক্তিপণের দাবি কমিয়ে দেড় লাখ ডলার বা সমপরিমাণ টাকা দাবি করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, অপহরণস্থল কেঙেলছড়ি ফরেস্ট বিট এলাকা থেকে দেড় থেকে দুই কিলোমিটার দক্ষিণ-পূর্বে মেজর টিলা এলাকার একটি বৌদ্ধমন্দিরের পাশ থেকে অপহূতদের উদ্ধার করা হয়। ওই সময় সেনাবাহিনীর মহালছড়ি জোনের একটি দল সেদিকে গেলে অপহরণকারীরা অপহূতদের ফেলে পালিয়ে যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে অপহূতদের সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নে নেওয়া হয়।
অপহরণকারীদের যেভাবে চাপ দেওয়া হয়: খাগড়াছড়ি সেনা রিজিয়নের একটি সূত্র জানায়, অপহরণের পর ওই এলাকার বিভিন্ন সূত্রের মাধ্যমে তারা জানতে পারে, অপহূতদের মাটিরাঙ্গা উপজেলার গুইমারার দিকে নিয়ে যাওয়া হয়েছে। সে কারণে লক্ষ্মীছড়ি সেনা জোনের সদস্যরা ওই এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেন। ওই অবস্থায় অপহরণকারীরা অপহূতদের নিয়ে ফিরে এসে নানিয়ারচর সদরের দিকে যাওয়ার চেষ্টা করে। এ অবস্থায় অপহরণকারীদের সঙ্গে তাঁদের (সেনাবাহিনী) বিভিন্ন মাধ্যমে যোগাযোগ হয়। তখন অপহরণকারীরা অপহূতদের মুক্তি দিতে কেঙেলছড়ি ও আশপাশ এলাকা থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার প্রস্তাব পাঠায়। কিন্তু সেনাবাহিনী অপহরণকারী ও অপহূতদের অবস্থান সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে সেনা অভিযান বন্ধ করার পরিবর্তে গত বৃহস্পতিবার ওই এলাকায় হেলিকপ্টারে টহল শুরু করে।
সেনাবাহিনীর এক কর্মকর্তা অপহূতদের বরাত দিয়ে বলেন, হেলিকপ্টার যখন তাঁদের মাথার ওপর দিয়ে চলে যায়, তখন অপহরণকারীরা নার্ভাস হয়ে পড়ে। ওই অবস্থায় অপহরণকারীরা অপহূতদের মৃক্তি দিতে ১২ ঘণ্টা সময় চায়। তবে সেনাবাহিনী কোনো সময় দেওয়া হবে না বলে জানিয়ে অভিযান আরও জোরদার করে।
সেনা কর্মকর্তা বলেন, ‘আমরা সময় দিলে হয়তো অপহরণকারীরা অপহূতদের নিয়ে অন্যদিকে পালিয়ে যেত। তাতে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে যেত।’
সেনা কর্মকর্তা বলেন, অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনের আওতায় আনতে অপারেশন চলতে থাকবে। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, সৌরভ চাকমা এখনো শারীরিকভাবে দুর্বল থাকায় সাক্ষ্য নেওয়া হয়নি। কাল (আজ রোববার) সাক্ষ্য নেওয়া হতে পারে।
সৌরভ চাকমার পরিবার, সেনাবাহিনী ও পুলিশ নিশ্চিত করেছে অপহরণকারীদের কোনো মুক্তিপণ দেওয়া হয়নি।