রাঙামাটিতে অপহূত দুই শ্রমিক উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরের রাজবাড়ি করাত-কলের অপহূত দুই কর্মচারীকে উদ্ধার করা যায়নি। আজ শুক্রবারের মধ্যে তাঁদের মুক্তি দেওয়া না হলে করাত-কলের শ্রমিকেরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন। রাজবাড়ি করাতকল থেকে জানা গেছে, অপহরণকারীরা তাদের দাবি করা চাঁদা বাকি থাকার কথা জানিয়ে কয়েকটি করাতকলের মালিকদের কাছে বেশ কয়েকজন কাঠ ব্যবসায়ীর নামের তালিকা পাঠিয়েছে। তবে কে বা কোন দলের পক্ষ থেকে ওই তালিকা পাঠানো হয়েছে তা জানা যায়নি। রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সোলায়মান চৌধুরী বলেন, ‘আমাদের কাছে চাঁদা দাবির কোনো চিঠি কেউ বা কোনো সংগঠনের পক্ষ থেকে পাঠানো হয়নি। করাতকলের মালিকদের কাছে পাঠানো হয়েছে বলে শুনেছি।’গত বুধবার রাত আটটার দিকে একদল দুর্বৃত্ত রাঙামাটি শহরের রাজবাড়ি করাতকলের দুই দারোয়ান শাহাবুদ্দিন ও সাইফুকে অপহরণ করে এবং কাঠ বোঝাই দুটি ইঞ্জিনচালিত নৌকায় আগুন লাগিয়ে দেয়। এ বিষয়ে গতকাল প্রথম আলোতে ‘করাতকলে সন্ত্রাসীদের হানা, দুজনকে অপহরণ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। রাঙামাটি করাতকল শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হাই বলেন, আগামীকাল (শুক্রবার) অপহূত ব্যক্তিদের মুক্তি দেওয়া না হলে কাঠ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি ঘোষণা করা হবে।রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম চৌধুরী জানান, অপহরণের ঘটনায় থানায় কেউ মামলা করতে আসেননি। সমঝোতার মাধ্যমে অপহূত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে বলে শোনা গেছে।