রাঙামাটিতে অপহৃত চারজনকে উদ্ধারে অভিযান জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বিলাইছড়ি বড়থলি থেকে দুই পর্যটকসহ অপহৃত চারজনকে উদ্ধারে নিরাপত্তা বাহিনী অভিযান জোরদার করেছে। সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি দল ও বড়থলি এলাকায় সেনাবাহিনীর পাঁচটি দল অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।
বিজিবির বান্দরবানের সেক্টর কমান্ডার কর্নেল ওয়ালিউর রহমান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, অপহৃত ব্যক্তিদের উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে। তবে অভিযানের স্বার্থে বিস্তারিত বলা যাবে না। অপহৃত ব্যক্তিদের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, বিভিন্নজন বিভিন্ন তথ্য দিচ্ছে। অপহৃত গাইড মাংসাই ম্রোর বড় ভাই পাসিং কার্বারীর নেতৃত্বে অপহৃত ব্যক্তিদের সন্ধানে স্থানীয়ভাবে তৎপরতার কথা তাঁরা শুনেছেন। তাঁদেরও কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে।
অপহৃত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে এক কার্বারী (পাড়াপ্রধান) ও বড়থলির ইউপির দুই সদস্যের সমন্বয়ে একটি দল গত শুক্রবার সীমান্তের দিকে যায়। অপহরণকারীদের সঙ্গে যোগাযোগের জন্যই তাঁরা গিয়েছেন। তবে দলটি গতকালও ফিরে আসেনি। এ জন্য অপহৃত ব্যক্তিদের সম্পর্কে সর্বশেষ কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ঢাকা থেকে রুমায় আসা অপহৃত পরিবারের আত্মীয় আরাফাত ইসলাম।
গত ৩ অক্টোবর বড়থলি ইউনিয়নে সীমান্তের কাছাকাছি সেপ্রুপাড়া এলাকা থেকে পর্যটক আবদুল্লাহ আল জুবায়ের ও জাকির হোসেন এবং তাঁদের পথপ্রদর্শক মাংসাই ম্রো এবং মেন্দোইপাড়া থেকে আরেক দল পর্যটকের পথপ্রদর্শক লালরিং সাং বমকে সন্ত্রাসীরা অপহরণ করে।