রাঙামাটিতে অপহৃত পাঁচজনের মুক্তি
গত ২৬ মে রাতে লংগদু থেকে অপহৃত একজন গ্রামবাসীসহ পাঁচজনকে মুক্তিপণের বিনিময়ে গতকাল সোমবার সকাল নয়টায় মুক্তি দেওয়া হয়েছে।
এঁদের মধ্যে দুজন তাঁদের দলের সমর্থক বলে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির দাবি। অপর তিনজন নিরীহ গ্রামবাসী।
মুক্তিপ্রাপ্তরা হলেন আটরকছড়া ইউনিয়নের বড় উল্টাছড়ি গ্রামের প্রধান প্রিয়ময় চাকমা (৩৫) ও তাঁর বড় ভাই সুসময় চাকমা (৪২), চাদকিছড়া গ্রামের মদন চাকমা (৪৮), জ্যোতি বিকাশ চাকমা (৪০) ও শান্তি বিলাস চাকমা (৪২)।
জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা জানান, পাঁচজনের মুক্তির বিনিময়ে অপহরণকারীদের চার লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দিতে হয়েছে। গতকাল সকাল নয়টায় খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়। পরে বিকেলে তাঁরা নিজেদের বাড়িতে পৌঁছান।
জনসংহতি সমিতি অপহৃতদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
তবে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম চৌধুরী জানান, ‘এ বিষয়ে কেউ মামলা করেনি৷ আমাদের অবহিতও করেনি। মুক্তির বিষয়টিও আমাদের জানা নাই।’
সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি অপহরণ ঘটনার ব্যাপারে জনসংহতি সমিতিকে (এমএন লারমা) দায়ী করেছিল। তবে জনসংহতি (এমএন লারমা) তা অস্বীকার করেছে।