রাঙামাটিতে আ.লীগ নেতা অপহূত
রাঙামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ত্রিদিব কান্তি দাশকে গতকাল শনিবার অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। পুলিশ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাঙামাটি কোতোয়ালি ও নানিয়ারচর থানা সূত্রে জানা গেছে, ত্রিদিব কান্তি দাশ ও তাঁর ছোট ভাই নানিয়ারচরের নিজ বাড়ি থেকে রাঙামাটি আসার পথে গতকাল বিকেল পাঁচটার দিকে অপহূত হন। তাঁদের মোটরসাইকেল সদর উপজেলার কুতুবছড়ি ইউনিয়নের আবাসিক এলাকায় এসে পৌঁছার পর ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁদের থামায়। এ সময় দুর্বৃত্তরা ত্রিদিব কান্তি দাশকে তাদের সঙ্গে যেতে বলে ছোট ভাইকে ছেড়ে দেয়। ছোট ভাই রাঙামাটি এসে ঘটনাটি জানান।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কে বা কারা অপহরণ করেছে তা জানতে পারিনি। তবে
আমরা বিষয়টি জানার পর প্রশাসনকে অবহিত করেছি। প্রশাসন উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।’
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম চৌধুরী রাত সাড়ে সাতটার দিকে বলেন, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে। তবে এখনো কোনো খবর পাওয়া যায়নি।
নানিয়ারচর থানার ওসি মো. মোস্তফা বলেন, ‘ত্রিদিব কান্তি দাশ কোতোয়ালি থানা থেকে অপহূত হলেও তাঁর বাড়ি নানিয়ারচর হওয়ায় আমরাও বিভিন্নভাবে অপহরণকারীদের শনাক্ত করার চেষ্টা করছি।’