রাঙামাটিতে আ.লীগ নেতা অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র তঞ্চঙ্গ্যা অপহূত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে সশস্ত্র কয়েকজন যুবক কাপ্তাই উপজেলায় অটোরিকশা থেকে অনিলকে অপহরণ করেন।এর প্রতিবাদে গতকাল রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিল থেকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। অনিলের স্ত্রী সান্ত্বনা চাকমা ও ছেলে ঝন্টু তঞ্চঙ্গ্যা প্রথম আলোকে বলেন, ‘কে বা কারা অপহরণ করেছে তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বলা যাবে না। তবে আমরা আশা করব, একজন মুক্তিযোদ্ধা হিসেবে অনিলের মুক্তির ব্যাপারে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।’প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানায়, গতকাল সকালে কাপ্তাই উপজেলা সদর থেকে একটি অটোরিকশায় করে স্থানীয় তিন ক্রিকেট খেলোয়াড় রাঙামাটি শহরে যাচ্ছিলেন। পথে ওয়াগ্গা ইউনিয়নের আগুনিয়াছড়া থেকে ওই অটোরিকশায় ওঠেন অনিল। সকাল সাড়ে আটটার দিকে অটোরিকশাটি রাঙামাটি-ঘাগড়া-কাপ্তাই সড়কের বগাছড়া সেতুর কাছে পৌঁছালে অনিলকে অপহরণ করেন একদল সশস্ত্র যুবক।ওই অটোরিকশার যাত্রী মো. রাসেল বলেন, আদিবাসী যুবকেরা অস্ত্র দেখিয়ে অটোরিকশাটি থামান। পরে সবাইকে অটোরিকশা থেকে নামিয়ে অনিলের হাত গামছা দিয়ে বেঁধে জঙ্গলের দিকে নিয়ে যান।সান্ত্বনা চাকমা বলেন, তাঁর স্বামী অনিল জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় যোগ দিতে সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে তাঁরা খবর পান, রাঙামাটি যাওয়ার পথে অনিলকে অপহরণ করা হয়েছে।এদিকে সকাল সাড়ে ১০টার দিকে অনিলের অপহরণের খবর রাঙামাটি শহরে এসে পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বেলা সাড়ে ১১টার দিকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ের সামনে এলে হঠাৎ ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। কার্যালয়কে লক্ষ্য করে প্রায় আধা ঘণ্টা ধরে চলে ইট নিক্ষেপ। পরে অতিরিক্ত পুলিশ এসে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়।পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সমাজকল্যাণবিষয়ক কর্মকর্তা বরুণ চাকমা বলেন, ইটপাটকেল নিক্ষেপের সময় পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা তাঁর কার্যালয়ের কক্ষে ছিলেন। তিনি অল্পের জন্য একটি ইটের আঘাত থেকে রক্ষা পান।বরুণ বলেন, বিক্ষোভকারীদের ইটের আঘাতে পরিষদের চেয়ারম্যানের কক্ষসহ বিভিন্ন কক্ষের জানালার কাচ ও ফুলের টব ভেঙে যায়। ইটের আঘাতে পরিষদের চেয়ারম্যান ও সহকারী নির্বাহী কর্মকর্তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কার্যালয় ভাঙচুরের খবর পাওয়ার পরপরই জনসংহতি সমিতি, যুব সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হন। তাঁরা আঞ্চলিক পরিষদ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে জড়ো হতে থাকলে দূরপাল্লার যানবাহনসহ শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মাত্র ২০০ গজ দূরে জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ গেট ও শৈলবিতানের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নিলে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। অনেকে যানবাহন থেকে নেমে দৌড়ে এলাকা ছেড়ে চলে যান। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দুই পক্ষের মাঝে অবস্থান নেন।গতকাল সন্ধ্যায় রাঙামাটির পুলিশ সুপার মাসুদ উল হাসান বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশ ও সেনাবাহিনী অপহূত অনিলকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।আওয়ামী লীগের সংবাদ সম্মেলন: বিকেল চারটার দিকে রাঙামাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন বলেন, যারা পার্বত্য চুক্তি বাস্তবায়নে বিঘ্ন ঘটাতে চায়, তারাই আঞ্চলিক পরিষদের কার্যালয় ভাঙচুর করেছে। এর সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত নন।এ সময় এক প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুবুর রহমান বলেন, পার্বত্য এলাকায় অনেক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন রয়েছে। তাদের মধ্যে কোনো একটি দল অনিলের অপহরণের সঙ্গে জড়িত।জনসংহতি সমিতির নিন্দা: গতকাল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ এবং অনিল তঞ্চঙ্গ্যার অপহরণ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের নেতা অনিলকে উদ্ধারে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জনসংহতি সমিতি।