রাঙামাটিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৪৫
রাঙামাটির কাউখালী উপজেলায় গতকাল শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ-বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ৪৫ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববারের বিরোধী দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের পক্ষে বিএনপি এবং বিপক্ষে আওয়ামী লীগ মিছিল সমাবেশের ডাক দেয়। এ অবস্থায় কাউখালী থানার পুলিশ উভয় পক্ষকে সময় নির্ধারণ করে দেয়। সে অনুযায়ী বিকেল চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত আওয়ামী লীগকে এবং সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত বিএনপিকে মিছিল সমাবেশ করার অনুমতি দেয়। বিকেল চারটায় আওয়ামী লীগের একটি মিছিল উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউখালী প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে। অপরদিকে সন্ধ্যা সাড়ে ছয়টায় বিএনপি পোয়াপাড়া উচ্চবিদ্যালয় মাঠ থেকে মিছিল নিয়ে কাউখালী হাসপাতাল এলাকা ঘুরে প্রেসক্লাবের সামনে দিয়ে বেতছড়ির দিকে যাওয়ার পথে উভয় দলের কর্মীরা লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষ থামাতে গেলে ওসি শ্যামল কান্তি বড়ুয়া মাথায় আঘাত পান। সংঘর্ষ চলাকালে আজম মার্কেট এলাকায় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।আহতদের মধ্যে বিএনপির কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন খোকন, যুবদল সভাপতি আবুল হাশেম, মো. মেজবাউদ্দিন, জাফরউল্যা, মো. জাফর, ইসমাইল, আবুল, মো. মজিদ খোকন, মিন্টু দাশ ও গোফন শীলের নাম এবং আওয়ামী লীগের কাজী কাউসার, মো. জাকির হোসেন, মো. শামীম, বিকাশ দাশ, সুমন সাহা ও আলাউদ্দিনের নাম পাওয়া গেছে। সংঘর্ষ থামাতে পুলিশ ১৮টি রাবার বুলেট এবং ১০টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। প্রায় এক ঘণ্টা পর সেনাবাহিনী ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিএনপির সভাপতি জসিম উদ্দিন তাঁর দলের কমপক্ষে ২৫ জন এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন তাঁদের দলের কমপক্ষে ২০ জন আহত হওয়ার দাবি করে পরস্পরকে ঘটনার জন্য দায়ী করেছেন। রাত সাড়ে আটটা থেকে ১০টা পর্যন্ত ইউএনও মনোয়ারা বেগম তাঁর কার্যালয়ে পুলিশ, সেনাবাহিনী এবং আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন।