রাঙামাটিতে আগাম কাঁঠাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাজারে আগাম কাঁঠাল আসতে শুরু করেছে। বিক্রি হচ্ছে চড়া দামে। চাষি ও ব্যবসায়ীরা জানান, আগাম ফলনের কাঁঠাল পাকানো হয় না। কাঁচা সবজি হিসেবে এগুলো বিক্রি হয়। কাঁচা কাঁঠালের ওপরের অংশ ফেলে ভেতরের অংশ শুঁটকি দিয়ে রান্না করে আদিবাসী ও স্থানীয় লোকজন।গতকাল শুক্রবার রাঙামাটি শহরের বনরূপা বাজার ঘুরে দেখা গেছে, আগাম কাঁঠাল আকার ভেদে ৩০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা তরকারি বিক্রেতা বুদ্ধমনি চাকমা (৪৫) ও বক্র চাকমা (৫২) জানান, এক কেজির কম ওজনের ছোট কাঁঠাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকায়, এক থেকে দেড় কেজি ওজনের ৮০ থেকে ১০০ টাকায় এবং এর চেয়ে বেশি ওজনের কাঁঠাল বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২৫০ টাকায়।সবজি ব্যবসায়ীরা জানান, এসব কাঁচা কাঁঠাল বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে আদিবাসীরা বাজারে এনে বিক্রি করেন। তাঁদের কাছ থেকে কিনে বাজারের ব্যবসায়ীরা বিক্রি করেন। এখন এসব কাঁঠালের খুব চাহিদা। রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের মরিচ্যাবিল এলাকার বাগানি চান্দু তঞ্চঙ্গ্যা (৫৫) বলেন, ‘আগাম কাঁঠাল খুব কম মানুষের গাছেই হয়। অনেকের বাগানে শতাধিক গাছ থাকলেও আগাম কাঁঠাল ফলে না। তবে আমার বাগানের ১৫ -২০টি গাছের মধ্যে দুটিতে আগাম কাঁঠাল ফলে। এসব গাছ বছরের এ সময় (নভেম্বর প্রথম প্রান্তিক) থেকে প্রায় আট ও ১০ মাস পর্যন্ত ফলন দেয়। গাছগুলো থেকে ভালো আয় হয়।’রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক উপপরিচালক কাজল তালুকদার বলেন, স্থানীয় দেশি কাঁঠালের মধ্যে আগাম ও নাবি জাত রয়েছে। যেসব গাছ দীর্ঘ সময় ফলন দেয়, সেগুলোকে আগাম বা বারোমাসি জাত বলে। আর যেসব গাছ কম সময় ফলন দেয়, সেগুলো নাবি জাত কাঁঠাল। স্বাভাবিক অবস্থায় কাঁঠাল ফলনের সময় ফেব্রুয়ারি থেকে জুন মাস।কৃষিবিদ পবন কুমার চাকমা বলেন, কীভাবে বারোমাসি গাছ উৎপাদন সম্ভব, তা এখনো গবেষণা চলছে। বারোমাসি কাঁঠালে বীজ থেকে যে একই জাতের কাঁঠালের চারা উৎপাদন হবে, তার কোনো নিশ্চয়তা নেই।