রাঙামাটিতে আগুনে পুড়েছে ১২টি বসতঘর
রাঙামাটি শহরের কল্যাণপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) সড়কে গতকাল বুধবার আগুনে ১২টি বসতঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে পরিতোষ চাকমা নামের এক ব্যক্তির বসতঘরে আগুন লাগে। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মো. গোলাম মোস্তফা জানান, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। আগুনে ১২টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাঙামাটি সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রিতা চাকমা জানান, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৫০০ করে টাকা এবং পরিবারগুলোর সদস্যপ্রতি একটি করে কম্বল সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত লোকজনের খাবারসহ রাত যাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।