রাঙামাটিতে আজ অবরোধের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির লংগদুতে পাহাড়ি গ্রামে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে নাগরিক সমাজ গতকাল রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে l ছবি: প্রথম আলো
রাঙামাটির লংগদুতে পাহাড়ি গ্রামে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে নাগরিক সমাজ গতকাল রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে l ছবি: প্রথম আলো

রাঙামাটির লংগদু উপজেলা সদরের চারটি পাহাড়ি গ্রামে লুটপাট, ভাঙচুর ও বাড়িঘরে আগুন দেওয়ার প্রতিবাদে আজ সোমবার রাঙামাটি জেলায় আধা বেলা (দুপুর ১২টা পর্যন্ত) সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়েছে। গতকাল রোববার রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজারে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ কর্মসূচির ডাক দিয়েছে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

পাহাড়ি বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গতকাল আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. আবদুর রহিম, মো. আবদুর রহমান, মো. আলমগীর ও মো. জসিম। এ নিয়ে হামলার ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাঙামাটি পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন তাঁরা।

ইউনিয়ন যুবলীগের এক নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটির দুর্গম লংগদু উপজেলা সদরের চারটি গ্রামে পাহাড়িদের অন্তত ২০০ বাড়ি গত শুক্রবার সকালে পুড়িয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রন্ত গ্রামগুলো হচ্ছে তিনটিলা, মানিকজোড়ছড়া, বড়াদম ও বাত্যাপাড়া। ঘটনার সময় আতঙ্কে এসব গ্রামের শতাধিক পাহাড়ি পরিবার পালিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরের ভূইয়াছড়া, মধ্যমপাড়া, রাঙাপানিছড়া ও হারিহাবা এলাকার বনে, পরিত্যক্ত ঘরে ও গাছতলায় আশ্রয় নেয়। সেখানে মানবেতর জীবন যাপন করছে অসংখ্য পরিবার। টানা বৃষ্টিতে এসব পরিবারের ভোগান্তি বেড়েছে। নিরাপত্তা-শঙ্কার কারণে গতকাল বিকেল পর্যন্ত অনেক পরিবার গ্রামে ফেরেনি।

 এদিকে লংগদু উপজেলা প্রশাসন চার গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত ২১২ পরিবারের তালিকা গতকাল চূড়ান্ত করেছে। প্রশাসন থেকে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল, ১ হাজার টাকা ও দুটি করে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কিছু পরিবার লংগদু সদরের তিনটিলা বনবিহারে আশ্রয় নিয়েছে। তাদের সহায়তা দিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গতকাল বিকেলে সেখানে যান। কিন্তু বেশির ভাগ পরিবার সহায়তা নেয়নি।

তিনটিলা গ্রামের বাসিন্দা তাপস চাকমা ও প্রেম চাকমা বলেন, তাঁরা এখন কোনো সহায়তা বা ত্রাণ নেবেন না। যতক্ষণ পর্যন্ত চার গ্রামের পাহাড়িদের নিরাপত্তা নিশ্চিত করা না হবে এবং নিজেদের ভিটেমাটিতে তাঁরা ফিরে যেতে পারবেন না তত দিন পর্যন্ত তাঁরা ত্রাণ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা বলেন, বরাদ্দ করা চাল তাঁরা কোথায় রান্না করবেন। বনে-জঙ্গলে যাঁরা আশ্রয় নিয়েছেন তাঁরা এখনো ফিরতে পারেননি। সেখানে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।

ভূইয়াছড়া এলাকার বাসিন্দা সুখময় চাকমা (৫৫) বলেন, তাঁদের এলাকায় ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবার আশ্রয় নিয়েছে। এর মধ্যে শিশু ও বৃদ্ধরা কষ্টে রয়েছেন। শিশুরা সবাই অসুস্থ হয়ে পড়েছে।

গতকাল দুপুর ১২টার দিকে লংগদু সদরের তিনটিলা বনবিহারে আশ্রয় নেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।

এদিকে গতকাল বেলা ২টায় কুতুকছড়ি বাজারে ইউপিডিএফ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কংচাই মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলার আহ্বায়ক ধর্ম সিং চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা, ঘিলাছড়ি ইউনিয়নের রামহরিপাড়ার কার্বারি (গ্রামপ্রধান) সান্ত্বনা খীসা, ঘিলাছড়ি নারী নির্যাতন কমিটির সাবেক সভাপতি শান্তিপ্রভা চাকমা প্রমুখ। বক্তারা সোমবার ভোর পাঁচটা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালনে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

পাহাড়িদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ইন্ধনদাতাদের খুঁজে বের করাসহ হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রত গ্রেপ্তার করার দাবি জানানো হয় সমাবেশে। ক্ষতিগ্রস্ত পাহাড়ি পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া, ভয়ে পালিয়ে যাওয়া পরিবারগুলোকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার দাবি জানান বক্তারা।