রাঙামাটিতে আজ নামছে পুলিশের বিশেষ বাহিনী
নাশকতা দমনে রাঙামাটি শহরে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের বিশেষ বাহিনী আজ সোমবার প্রথমবারের মতো নামানো হচ্ছে।
গত ২৫ অক্টোবর ১৮-দলীয় জোটের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানোর পরিপ্রেক্ষিতে এক কর্মকর্তাসহ পাঁচজন পুলিশ আহত হন। ওই দিন মিছিল থেকে হামলা চালিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ভবন ও গাড়ি ভাঙচুর করা হয়। এ পরিপ্রেক্ষিতে হরতাল চলাকালে রাঙামাটিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ পোশাকের পুলিশ রাঙামাটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তার দায়িত্বে রাখার সিদ্ধান্ত হয়েছে বলে পুলিশ প্রশাসন জানিয়েছে।
গতকাল রোববার বিকেলে রাঙামাটি পুলিশ লাইনে গেলে দেখা যায়, পুলিশের বিশেষ এই বাহিনীর সদস্যরা আজ সোমবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। বাহিনীর একজন সদস্য জানান, পুলিশের এ বিশেষ বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাহিনীর সদস্যদের পোশাক গায়ে দিলে অনেকটা রোবটের মতো দেখায়। কালো ধরনের বিশেষ পোশাকে ফোম-জাতীয় আঘাত প্রতিরোধী বস্তু রয়েছে। তাই কেউ পাথর ছুড়লে বা একসঙ্গে চার-পাঁচজন লাঠি দিয়ে আঘাত করলেও আঘাতপ্রাপ্ত হবেন না। তবে স্বাভাবিক চলাফেরা বা অস্ত্র চালাতে কোনো সমস্যা হবে না।
জানা গেছে, রাঙামাটি শহরে আপাতত বিশেষ বাহিনীর ২০ জনের একটি প্লাটুন কাজ করবে।