রাঙামাটিতে আজ পার্বত্য ভূমি কমিশনের গুরুত্বপূর্ণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন চেয়ারম্যানের কার্যক্রম নিয়ে সৃষ্ট নানা অভিযোগের ব্যাখ্যা দিতে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী আজ বৃহস্পতিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, চাকমা রাজা, জেলা পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। কমিশনের সচিব মো.আবদুল হামিদ সভা আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন। রাঙামাটি সার্কিট হাউসে সকাল সাড়ে ১০টায় এ বৈঠক হবে।তবে কমিশনের সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা ও চাকমা রাজা দেবাশীষ রায় মতবিনিময় সভায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।কমিশনের সদস্যদের অভিযোগ, বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা না করে ভূমি জরিপের ঘোষণা এবং গত ১৪ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য দরখাস্ত আহ্বান করেন। একই সময় ‘ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আহ্বান’ শিরোনামে একটি প্রচারপত্র বিলি করা হয়। এ ছাড়া কমিশনের বিধি অনুযায়ী, কমিশনের সভা আহ্বান না করে কমিশন সদস্যদের সঙ্গে সরকারি কর্মকর্তাদেরও সভায় উপস্থিত হতে নোটিশ দেওয়ার কারণে কমিশন সদস্যরা সভায় উপস্থিত থাকেন না।এ বিষয়ে চাকমা রাজা দেবাশীষ রায় প্রথম আলোকে বলেন, কমিশন সদস্যদের সভা না ডেকে আগের মতোই সবাইকে একসঙ্গে মতবিনিময়ের জন্য ডাকা হয়েছে। সে কারণে তিনি সভায় অংশগ্রহণ করবেন না।আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা সভায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর পক্ষ থেকে কোনো প্রতিনিধিও পাঠাবেন না বলে জানা গেছে।পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য চুক্তিতে একটি কমিশন গঠনের শর্ত রাখা হয়। পরে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ জাতীয় সংসদে পাস করা হয়। আইনে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে নয় সদস্যের কমিশন গঠনের বিধান রয়েছে।