
পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি কমিশন) রাঙামাটি সফর ঠেকাতে আজ শুক্রবার থেকে ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সিএইচটি কমিশনকে বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে এই অবরোধের ডাক দিয়েছে বাঙালিদের ছয়টি সংগঠন।
এদিকে একই কমিশনের বান্দরবান সফর ঠেকাতে বাঙালি ছাত্র পরিষদ ও বাঙালি নাগরিক পরিষদ কাল শনিবার থেকে চার দিনের সড়ক-নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।
রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকার করাতকল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আজ শুক্রবার থেকে ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পড়েন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের রাঙামাটি জেলা সভাপতি পেয়ার আহম্মদ খান। উপস্থিত ছিলেন পার্বত্য গণপরিষদের সভাপতি জালাল উদ্দিন চৌধুরী মোহাম্মদ আলমগীর, নাগরিক পরিষদের সভাপতি নূরজাহান বেগম, বাঙালি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বাঙালি ছাত্র ঐক্য পরিষদের সভাপতি উজ্জ্বল পাল, সমঅধিকার ছাত্র আন্দোলনের বিভাগীয় যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, সিএইচটি কমিশন পাহাড়িদের ভুল বুঝিয়ে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। তারা অতীতেও সাম্প্রদায়িক সহিংসতায় ইন্ধন দিয়েছে।
সিএইচটি কমিশনের কো-চেয়ারপারসন সুলতানা কামাল মুঠোফোনে বলেন, ‘এ ধরনের কথার কোনো ভিত্তি নেই। আমরা সংগঠনের সুনির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে কাজ করি। আদিবাসীদের অধিকার এবং পার্বত্যচুক্তি বাস্তবায়নের কথা বলি। সেখানে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার কোনো বিষয় নেই।’
সুলতানা কামাল আরও বলেন, ‘আদিবাসীদের অধিকার ঐতিহাসিকভাবে লঙ্ঘিত হয়ে আসছে। তাদের অধিকার ফিরিয়ে দিতে পার্বত্য চুক্তি হয়েছে। সেটা নিয়ে কাজ করতে গেলেও অধিকারের বিষয়টি চলে আসে। আমরা বাঙালিদের সমঅধিকার চাওয়ার বিষয়টিও উল্লেখ করি। তবে অধিকার তো সংখ্য দিয়ে গোনার বিষয় নয়।’
গতকাল বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কাল শনিবার থেকে চার দিনের জন্য সড়ক-নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করে বাঙালি ছাত্র পরিষদ ও বাঙালি নাগরিক পরিষদ। এতে বাঙালি ছাত্র পরিষদের সভাপতি আবদুল কাইয়ুমের সভাপতিত্বে লিখিত বক্তব্য দেন বাঙালি নাগরিক পরিষদের সভাপতি ও ছাত্রশিবিরের জেলা সাবেক সভাপতি আতিকুর রহমান। উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের সহসভাপতি ও জামায়াতের কর্মী মো. ইলিয়াস।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘অবৈধ’ সিএইচটি কমিশনের এই জেলা সফরের প্রয়োজন নেই। এ কমিশন পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য বিদেশের এজেন্ট হয়ে এখানে এলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হতে পারে।
খাগড়াছড়িতে মানববন্ধন: খাগড়াছড়ি প্রতিনিধি জানান, সিএইচটি কমিশনের কার্যক্রম বন্ধের দাবিতে গতকাল সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকায় মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। মানববন্ধনে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ জেলা শাখার সভাপতি শাহাজল ইসলাম ও মাটিরাঙ্গা শাখার সভাপতি মঞ্জুর আলম বক্তব্য দেন।
সিএইচটি কমিশনের কো-চেয়ারপারসন সুলতানা কামালের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল ২ জুলাই থেকে পার্বত্য চট্টগ্রাম সফর করছে।