রাঙামাটিতে আজ সড়ক ও নৌপথ পরিবহন ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাকে ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে রাঙামাটিতে সড়ক এবং নৌপথ ধর্মঘট ডেকেছে বাস ও ট্রাক মালিক সমিতি। গতকাল শনিবার বিকেলে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
রাঙামাটির বাস মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রশাসন থেকে পরিবহন ও যান চলাচলের পূর্ণ নিরাপত্তা চেয়েছি। কিন্তু প্রশাসন কোনো আশ্বাস বা ব্যবস্থা নেয়নি। ৫ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের দাবিদাওয়া তুলে ধরা হয়েছে। আজ (গতকাল) বিকেল পাঁচটা পর্যন্ত প্রশাসনের কাছে সময়সীমা বেঁধে দেওয়া ছিল। যান চলাচলের নিরাপত্তার জন্য কোনো পদক্ষেপ ও নিশ্চয়তা না পাওয়ায় সকাল- সন্ধ্যা সড়ক ও নৌপথ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।’
মঈন উদ্দিন আরও বলেন, ধর্মঘট হলেও যাত্রীবাহী বাস চলবে না। কারণ প্রতিটি সড়কে ও নৌপথে চাঁদা ও শ্রমিকদের মারধর করা হচ্ছে। এর বিচার হচ্ছে না।
ট্রাক ও বাস মালিক সমিতির অভিযোগ, ৩ মে রাতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় ১০ থেকে ১৫টি ট্রাক ও অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে শ্রমিকদের মারধর ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনার পরও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।
রাঙামাটি পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান বলেন, বাস ও ট্রাক মালিক সমিতি সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, এ ব্যাপারে পুলিশ সতর্ক থাকবে।