রাঙামাটিতে আজ হাটবাজার ও দোকানপাট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলায় হাটবাজার ও দোকানপাট বর্জনের কর্মসূচি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে দলের ঘোষিত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে সমিতির রাঙামাটি জেলা কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গত সোমবার দলটির রাঙামাটি জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক নগেন্দ্র চাকমার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। কর্মসূচি চলাকালে রাঙামাটির সব হাটবাজারে আসা-যাওয়া, সব ধরনের দ্রব্য কেনাবেচা এবং হাটবাজার ও অলিগলিতে দোকানপাট খোলা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
পার্বত্য চুক্তি স্বাক্ষরের ১৭ বছর পূর্তি প্রাক্কালে গত বছরের ২৯ নভেম্বর ঢাকার একটি হোটেলে আয়োজিত সাংবাদ সম্মেলনে সমিতির সভাপতি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা সরকারের কাছে চলতি বছরের ৩০ এপ্রিলের মধ্যে চুক্তি বাস্তবায়নের কর্মসূচিভিত্তিক কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঘোষণার দাবি জানান। তা করা না হলে ১ মে থেকে অসহযোগ আন্দোলন শুরু করার ঘোষণা দেন তিনি। ঘোষিত ওই সময়সীমার প্রায় তিন মাস পর অসহযোগ আন্দোলনের কর্মসূচি শুরু করল জনসংহতি সমিতি।
এ বিষয়ে জানতে চাইলে জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘আমরা ১ মে থেকেই আন্দোলনের প্রথম ধাপ শুরু করেছি। ওই সময় থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করতে জনসংযোগ এবং মিছিল-সমাবেশ করেছি। এখন ধাপে ধাপে আন্দোলন তীব্র করা হবে।’
বুধবার রাঙামাটির বিভিন্ন হাটবাজারে (হাটের দিন)। এই দিনে প্রত্যন্ত গ্রামের চাষিরা উৎপাদিত বিভিন্ন পণ্য হাটে এনে বিক্রি করেন এবং নিত্যপণ্য কিনে নিয়ে বাড়িতে ফেরেন। গতকাল মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, চাষিরা সকালেই তাঁদের উৎপাদিত পণ্য বিক্রি করছেন। পাঁচজন চাষির সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা জনসংহতির কর্মসূচি সম্পর্কে জানেন। তাই তাঁরা মঙ্গলবার পণ্য বিক্রি করতে আসেন।