রাঙামাটিতে আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলার ইসলামপুর গ্রামে গতকাল সোমবার সকালে জিহাদ বিষয়ে বক্তব্য দেওয়ার সময় সাতজনকে আটক করেছে গ্রামবাসী। এ ছাড়াও তাঁদের কাছ থেকে পাঁচটি জিহাদি বই ও বেশ কিছু প্রচারপত্র উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হিজবুল মাহাদি নামের একটি সংগঠনের সদস্য বলে জানা গেছে।একটি সূত্র জানিয়েছে, লুৎফর রহমান নামের এক ব্যক্তি হিজবুল মাহাদি সংগঠনের প্রধান। সংগঠনটির প্রধান কার্যালয় ঢাকার গেন্ডারিয়ায় ৭৮/১ দীননাথ সেন রোডে।আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার বগারবিল গ্রামের হাতেম আলী (৬৫), মো. সোহরাব (৪২), মো. রোববানা (৪০), শহীদুল ইসলাম ওরফে নুহুল (৩৭), মমতাজ উদ্দিন (৫৫), আবদুল খালেক (৪০) ও বরুণাছড়ি গ্রামের শাহজাহান মিস্ত্রি (৬০)।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে ওই সাত ব্যক্তি গ্রামবাসীকে ডেকে জিহাদ বিষয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় আনসার-ভিডিপির সদস্য ও গ্রামবাসী তাঁদের আটক করে বরকল সেনাক্যাম্পে নিয়ে যান। নাম প্রকাশ না করার শর্তে একাধিক গ্রামবাসী প্রথম আলোকে জানান, ওই সাত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইসলাম সম্পর্কে নানা অপব্যাখ্যা দিয়ে আসছিলেন। এ ছাড়া জিহাদ বিষয়ে জনগণকে প্ররোচিত করার চেষ্টা করছিলেন তাঁরা। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার সরদার জানান, নিরাপত্তাজনিত কারণে বরকল থানায় না নিয়ে তাঁদের রাঙামাটি কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল (আজ মঙ্গলবার) তাঁদের আদালতে নেওয়া হবে।রাঙামাটির পুলিশ সুপার মাসুদ উল হাসান জানান, আটক ব্যক্তিরা একটি ধর্মীয় গোষ্ঠীর পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। তবে তাঁরা ঠিক কোন সংগঠনের সদস্য তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।