রাঙামাটিতে আদিবাসী গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরের হাসপাতাল এলাকায় বম আদিবাসী সম্প্রদায়ের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত লেমথারময় আলেম (১৯) শহরের রাজবাড়ী এলাকায় পোশাক বিক্রির একটি দোকানে চাকরি করতেন। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী লালবয় বমকে আটক করেছে।লেমথারময় ও লালবয় বমের বাড়ি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়। তাঁরা রাঙামাটি শহরের হাসপাতাল এলাকার একটি বাড়িতে থাকতেন। এদিকে পাহাড়ি ছাত্র পরিষদের নেতারা অভিযোগ করেন, গৃহবধূকে গণধর্ষণের পর তাঁকে হত্যা করা হয়েছে।রাঙামাটি জেনারেল হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে ছাত্রলীগের চার-পাঁচজন কর্মী লেমথারময়ের লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা গৃহবধূর কী হয়েছে জানতে চাইলে ছাত্রলীগের কর্মীরা কিছু বলতে চাননি। পরে তাঁরা জানান, লেমথারময় আত্মহত্যা করেছেন।সরেজমিনে দেখা গেছে, রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে লেমথারময়ের নিহত হওয়ার স্থানটি ২০০ থেকে ২৫০ গজ দূরে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে পুলিশ নিহতের স্বামী লালবয় বমকে বাড়ি থেকে আটক করে। এ সময় পুলিশের সামনে লালবয় বম সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বাথরুম থেকে বের হয়ে স্ত্রীকে নিজের ওড়না দিয়ে একটি খুঁটিতে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। তখনই তিনি ওড়না কেটে স্ত্রীকে নামান।হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত লেমথারময়ের লাশ ময়নাতদন্ত ছাড়া তাঁর পরিবারের কাছে হস্তান্তর করতে ছাত্রলীগের কর্মীরা সকাল থেকে তৎপরতা শুরু করেন। খবর পেয়ে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি শুভজ্যোতি চাকমার নেতৃত্বে একদল কর্মী হাসপাতালে গিয়ে ময়নাতদন্ত ছাড়া যেন লাশ দেওয়া না হয় তাঁর দাবি জানান। এ সময় ছাত্রলীগের কর্মীরা হাসপাতাল এলাকা ত্যাগ করেন। একই সময় বাংলাদেশ মহিলা পরিষদ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কমিটি ও মহিলা আইনজীবী সমিতির নেতা-কর্মীরাও হাসপাতালে গিয়ে লাশের ময়নাতদন্তের দাবি জানান। আইনজীবী সুস্মিতা চাকমা বলেন, ‘হাসপাতাল ও পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, তাঁরা প্রভাবশালী ব্যক্তিদের চাপের মধ্যে রয়েছেন। গৃহবধূর ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার কোনো কারণ নেই বলে একটি সূত্র তাঁদের জানিয়েছেন।’ ছাত্রলীগের যেসব কর্মীর বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, তাঁদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বিষয়টি তাঁর জানা নেই। ওই ঘটনায় ছাত্রলীগের কোনো কর্মীর জড়িত থাকার কথা নয়।এদিকে নিহতের লেমথারময়ের বড় ভাই জেওলিয়াম বম বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় তাঁর বোন লেমথারময়ের মৃত্যুর খবর বান্দরবানে মুঠোফোনে জানানো হয়েছে। অথচ এখানে এসে শুনছি হাসপাতালে আনা হয়েছে রাত সাড়ে সাতটায়।’রাঙামাটি জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা মংক্য চিং মারমা জানান, ‘ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাবে না।’রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার সরদার বলেন, ‘ঘটনাটি রহস্যজনক। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। নিহত ব্যক্তির স্বামীকে আটক করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন হয়েছে, ময়নাতদন্ত শেষেই বলা যাবে আসলে কী হয়েছিল।’